মাদ্রিদ: ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই গত ম্যাচে দল সাজিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। তবে সেই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট ছিলেন না জুড বেলিংহ্যাম। ইংল্যান্ড তারকার মতে, এর পিছনে কলকাঠি নাড়ছেন এমবাপে। তাই গত শনিবার লা লিগায় ম্যাচ শেষে সতীর্থের সঙ্গে হাতও মেলাননি তিনি। যা নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। তবে ড্রেসিং-রুমে এর নেতিবাচক প্রভাব পড়েনি, তা মঙ্গলবার বুঝিয়ে দিলেন রিয়াল ফুটবলাররা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও পিএসভিকে ৫-১ গোলে হারাল মরিনহো ব্রিগেড। ম্যাচে জোড়া গোলে নায়ক কিলিয়ান এমবাপে। তবে নিজের ম্যাচ সেরার পুরস্কার তিনি তুলে দিলেন ভিনিসিয়াসের হাতে। আসলে গোটা ঘটনায় গত কয়েকদিন যেভাবে তাঁকে ভিলেন করা হচ্ছিল, তা শেষ করতেই এই পদক্ষেপ ফরাসি তারকার। ভিনিসিয়াসও হাসি মুখে তা গ্রহণ করে বুঝিয়ে দিলেন, ‘অল ইজ ওয়েল।’ আর বেলিংহ্যাম যাবতীয় ক্ষোভ ভুলে সতীর্থদের কাঁধে হাত রেখেই মাঠ ছাড়লেন। ম্যাচে এমবাপে পাশাপাশি রিয়ালের হয়ে জাল কাঁপান ফেডেরিকো ভালভার্দে, জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়াস জুনিয়র। পিএসভির একমাত্র গোলটি ইভান পেরিসিচের। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আপাতত সবার আগে রিয়াল।
চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে ঘরের মাঠে নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও কোনোক্রমে হার বাঁচালেন সিটিজেনরা। স্বাভাবিকভাবেই মরশুমের মাঝপথে এনজো মারেস্কা ব্রিগেডের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। ম্যাচে ম্যান সিটির দুই গোলদাতা যথাক্রমে আয়ুব বাউদি ও রায়ান চেরকি। নাপোলির হয়ে স্কোরশিটে নাম তোলেন রাসমাস হুজলান্ড ও নোয়া লাং। মঙ্গলবার পয়েন্ট নষ্ট করল প্রিমিয়ার লিগের অপর ক্লাব আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করল মিকেল আর্তেতা ব্রিগেড। ম্যাচের শুরুতে ভিক্টর গোয়কেরাসের গোলে এগিয়ে যায় গানাররা। তবে দ্বিতীয়ার্ধে জার্মান ক্লাবটিকে সমতায় ফেরান ম্যাক্সিমিলিয়ান বেইয়ে। এরপর বাকি সময়টা একাধিক সুযোগ পেয়েও জয়সূচক গোল তুলে নিতে ব্যর্থ আর্সেনাল। এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে রইল তারা। আর এক পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে ম্যান সিটি।
মঙ্গলবারের ফল
রিয়াল- ৫ : পিএসভি- ১
ম্যান সিটি- ২ : নাপোলি- ২
আর্সেনাল- ১ : বরুসিয়া- ১
গালাতাসারে- ১ : অ্যাস্টন ভিলা- ০
ফেয়েনুর্ড- ০ : পোর্তো- ১



