Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রান্স দলে ফিরছেন এমবাপে, স্পেনকে চ্যালেঞ্জ জানাতে তৈরি ডাচরা

কোচ লুইস ডে লা ফুয়েন্তের কোচিংয়ে স্বপ্নের ফর্মে রয়েছে স্পেন

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রান্স দলে ফিরছেন এমবাপে, স্পেনকে চ্যালেঞ্জ জানাতে তৈরি ডাচরা
  • ২০ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

রোটারডাম: কোচ লুইস ডে লা ফুয়েন্তের কোচিংয়ে স্বপ্নের ফর্মে রয়েছে স্পেন। ২০২২ কাতার বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে অভিজ্ঞ এই স্প্যানিয়ার্ডের প্রশিক্ষণে গত দু’বছরে জোড়া খেতাব জিতেছে লা রোহা-ব্রিগেড। ২০২৩ নেশনস লিগের পর গত বছর ইউরো জয়ের স্বাদ পায় তারা। চলতি বছরে আরও একবার নেশনস লিগ জয়ের সুযোগ রয়েছে স্পেনের সামনে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে শীর্ষে থেকেই শেষ আটের টিকিট নিশ্চিত করেছেন লামিনে ইয়ামালরা। ৬ ম্যাচের মধ্যে পাঁচটি জয় পেয়েছেন তাঁরা। তবে নক-আউট পর্বে শুরুতেই কঠিন চ্যালেঞ্জ স্পেনের সামনে। বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ২০১০ বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে মাত্র দু’টো জয়ের মুখ দেখেছে ডাচ-ব্রিগেড। কোচ রোনাল্ড কোম্যানের প্রশিক্ষণে ধারাবাহিকতার অভাব স্পষ্ট তাদের খেলাতে। তবে ঘরের মাঠে স্পেনকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি গাকপো-ডি লিটরা। অ্যাওয়ে ম্যাচে জিতে শেষ চারের পথে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য স্পেনের।

Advertisement

দিনের অপর ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। দীর্ঘ বিরতির পর ফের জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে চলেছেন কিলিয়ান এমবাপে। কোচ দিদিয়ের দেশঁর সঙ্গে মনমালিন্যের জেরে শেষ দু’টি ম্যাচে দলে জায়গা হয়নি রিয়াল তারকার। তবে ক্লাব ফুটবলে দারুণ ছন্দে রয়েছেন এমবাপে। তাই কিছুটা বাধ্য হয়েই নিজের সিদ্ধান্ত বদলে তাঁকে দলে ফেরান দেশঁ। এমবাপেও পুরনো তিক্ততা ভুলে দেশের জার্সিতে সেরাটা মেলে ধরতে তৈরি।
নেশনস লিগের নক-আউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে নামছে পর্তুগাল। অ্যাওয়ে ম্যাচে রোনাল্ডোদের প্রতিপক্ষ ডেনমার্ক। নেশনস লিগে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই শেষ আটের নিশ্চিত অর্জন করেছে রবার্তো মার্তিনেজ-ব্রিগেড। ছ’ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে তারা। পক্ষান্তরে, ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে কোনওক্রমে শেষ আটের টিকিট নিশ্চিত করে ডেনমার্ক। তাই অ্যাওয়ে ম্যাচে জিতে পরের পর্বে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য রোনাল্ডোদের।
শেষ আটের লড়াইয়ে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে জার্মানি ও ইতালি। প্রায় এক দশকের বেশি সময় কোনও ট্রফি জয়ের স্বাদ পায়নি জার্মানরা। তাই ২০২৬ বিশ্বকাপের আগে নেশনস লিগে ভালো ফল করাই লক্ষ্য কোচ জুলিয়ান নাগেলসম্যানের। পক্ষান্তরে, ইতালিও খুব একটা ছন্দে নেই। শেষ দু’টি বিশ্বকাপের আসরে তো যোগ্যতা অর্জনেই ব্যর্থ আজ্জুরিরা। তাই চলতি টুর্নামেন্টে সাফল্য অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে তাদের। সেই লক্ষ্যে ঘরের মাঠে জার্মানিকে হারাতে মরিয়া স্পালেত্তি-ব্রিগেড।

সম্পর্কিত সংবাদ