সংবাদদাতা, শিলিগুড়ি: বিকট শব্দে বাইকের দাপাদাপিতে অতিষ্ঠ শিলিগুড়িবাসী। বাইকের সাইলেন্সর মডিফাই করে নেওয়ায় বিকট শব্দ হয়। প্রতিদিন শহরে এক দল যুবক এধরনের বাইক নিয়ে বিকট শব্দ করে গোটা শহর দাপিয়ে বেড়াচ্ছে।
সংবাদদাতা, শিলিগুড়ি: বিকট শব্দে বাইকের দাপাদাপিতে অতিষ্ঠ শিলিগুড়িবাসী। বাইকের সাইলেন্সর মডিফাই করে নেওয়ায় বিকট শব্দ হয়। প্রতিদিন শহরে এক দল যুবক এধরনের বাইক নিয়ে বিকট শব্দ করে গোটা শহর দাপিয়ে বেড়াচ্ছে।
শনিবার শিলিগুড়ি পুরসভার টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে শহরের এক চিকিৎসক তপন মিত্র মেয়র গৌতম দেবকে এনিয়ে অভিযোগ করেন। ওই চিকিৎসক মেয়রকে বলেন, যেভাবে শহরের হিলকার্ট রোড, বিধান রোড সহ পাড়ার বিভিন্ন রাস্তায় মডিফাই সাইলেন্সারের বাইক বিকট শব্দে দাপিয়ে বেড়াচ্ছে তাতে টেকা যাচ্ছে না। ঘরের মধ্যে থেকেও সেই শব্দে আঁতকে উঠতে হচ্ছে। অনেক অসুস্থ মানুষ এই শব্দে আরও অসুস্থ হয়ে পড়বেন।
ওই চিকিৎসককে মেয়র গৌতম দেব আশ্বস্ত করে বলেন, শীঘ্রই এব্যাপারে ব্যবস্থা নিতে পুলিসকে বলা হবে। আমার বাড়ি কলেজপাড়ায়। সেখানেও এই অত্যাচার রয়েছে। যুবকদের বাইকের এই অসহনীয় দাপাদাপি আমার নজরে এসেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। হৃদরোগীদের ক্ষেত্রে এই বিকট শব্দ বিপজ্জনক। এর মধ্যেই পুলিস আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে বিষয়টি বলা হবে, যাতে পুলিস এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়।
শিলিগুড়ি শহরে পাড়ায়-পাড়ায় অবৈধ টোটো নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিস মোতায়েন করা হয়েছে। অভিযোগ, সেই ট্রাফিক পুলিসের সামনে দিয়েই বেপরোয়াভাবে এই বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে। এপ্রসঙ্গে মেয়র বলেন এই বিষয়টিও জানানো হবে। পুলিস আধিকারিকদের বলা হবে যাতে ট্রাফিক পুলিসকে এব্যাপারেও শক্তিশালী করা হয়।
নিজস্ব চিত্র।