সংবাদদাতা, তেহট্ট: যে সব মতুয়ার নাম এসআইআরে বাদ গিয়েছে, তাঁরা নাগরিকত্বের জন্য অবিলম্বে সিএএ তে আবেদন করুন। শনিবার তেহট্ট থানার বেতাই নতুনপাড়া খেলার মাঠে এক সংবর্ধনা সভায় এমনটাই জানান রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, ১৯৪৭ সালে কংগ্রেস দেশ ভাগের মাধ্যমে আমাদের সমাজকে দূরে সরিয়ে দিয়েছিল। আমাদের বিজেপি সরকার আসার পর মতুয়া সমাজ তাঁদের জায়গা ফিরে পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মতুয়া সমাজের জন্য ভাবছেন।
তিনি বলেন, এসআইআরে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা সিএএতে আবেদন না করলে সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাই অবশ্যই নাগরিকত্বের জন্য আবেদন করুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাকে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি করেছেন। সেই জন্য মতুয়া সমাজের যাঁরা বড়ো জায়গায় আছেন, আমার তাঁদের সাহায্য লাগবে। আমরা চাই মতুয়া সমাজের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস সহ বড়ো বড়ো সরকারি চাকরি করুক। সেই জন্য সকলকে শিক্ষার আওতায় আনতে হবে। মতুয়ারা আমাদের ঢেলে ভোট দিয়েছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বেতাই স্টেডিয়াম নিয়ে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে কথা বলব। আর যারা প্রধানমন্ত্রীর অন্ত্যোদয় যোজনার কার্ড পাওয়ার যোগ্য, অথচ তৃণমূলের নোংরা রাজনীতির কারণে পাননি, সেটা আমরা দেখব। সমস্ত কিছু যাচাই করে তাঁদের অন্ত্যোদয় যোজনার কার্ড দেওয়া হবে। তিনি তেহট্ট বাজারে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। তাঁর সঙ্গে ছিলেন তেহট্টের বিধায়ক সুব্রত কবিরাজ।