Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মতুয়া সমীকরণ ও উন্নয়নই ইস্যু, চাকদহ পুনরুদ্ধারে তৎপর তৃণমূল

চাকদহ বিধানসভা কেন্দ্রে ভোটের লড়াই জমে উঠেছে। মতুয়া ভোটব্যাংককে সঙ্গে নিয়ে এবং উন্নয়নকে হাতিয়ার করে হারানো জমি পুনরুদ্ধারে জোরকদমে প্রচার করছে তৃণমূল।

মতুয়া সমীকরণ ও উন্নয়নই ইস্যু, চাকদহ পুনরুদ্ধারে তৎপর তৃণমূল
  • ৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: চাকদহ বিধানসভা কেন্দ্রে ভোটের লড়াই জমে উঠেছে। মতুয়া ভোটব্যাংককে সঙ্গে নিয়ে এবং উন্নয়নকে হাতিয়ার করে হারানো জমি পুনরুদ্ধারে জোরকদমে প্রচার করছে তৃণমূল। পাশাপাশি এসআইআরে নাম বাদ যাওয়ার বিষয়টিকেও প্রচারের আলোয় তুলে ধরেছে তারা। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শুভঙ্কর সিংহ (যীশু) ইতিমধ্যেই জনসংযোগ ও প্রচারে নেমে পড়েছেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে গিয়ে উন্নয়নের বার্তা তুলে ধরছেন তিনি। তৃণমূলের দাবি, একাধিক নতুন রাস্তা, জঞ্জাল পরিষ্কার সহ রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, সেই ভরসাতেই তাঁরা জয়ের ব্যাপারে আশাবাদী। এই বিষয়ে শুভঙ্কর সিংহ বলেন, আমরা মূলত রাজ্য সরকারের উন্নয়নকেই প্রচারের সামনে রাখছি। বিধায়ক গত পাঁচ বছরে কোনো কাজ করেননি, সেটা মানুষ দেখেছেন।

Advertisement

অন্যদিকে, এই আসন ধরে রাখতে মরিয়া বিজেপি। দলীয় প্রার্থী বঙ্কিম ঘোষ জোরকদমে প্রচার চালাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং আগের কাজের হিসাব তুলে ধরে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বিজেপি শিবির। দুই প্রধান দলের এই টানটান লড়াইয়ে মতুয়া ভোট এবং স্থানীয় ইস্যুগুলি যে বড়ো ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে, তা নিয়ে একমত রাজনৈতিক মহল। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে চাকদহের রাজনৈতিক ময়দানে। এই বিষয়ে বিজেপির জেলাস্তরের নেতা সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, চাকদহ বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। এই ‘গড়’-এ আমাদের প্রার্থী পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত হবেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের শুভঙ্কর সিংহ ও বিজেপির বঙ্কিম ঘোষ প্রার্থী ছিলেন। সেই নির্বাচনে চাকদহ বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। এছাড়াও ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রের অধীনে থাকা এই কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল। বিশেষ করে চাকদহে গত বিধানসভা নির্বাচনে প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিল বিজেপি। এখন দেখার বিজেপি তাঁদের আসন ধরে রাখতে পারে, নাকি তৃণমূল তাদের হারানো জমি পুনরুদ্ধার করতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ