বুয়েনস আইরেস: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লায়োনেল মেসি। মহাতারকাকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন। লিওর জার্সি নম্বর ১০। তাই আগামী সপ্তাহ থেকে ঘরোয়া লিগের সব পর্যায়ে ১০ মিনিটের মাথায় খেলা বন্ধ করে ১ মিনিট করতালি দেওয়া হবে। কিন্তু আর্জেন্তিনার অনুরাগীদের আগামী সপ্তাহ পর্যন্ত তর সইল না। বৃহস্পতিবার কোপা আর্জেন্তিনার ম্যাচেই মেসিকে সম্মান জানাতে গিয়ে ভাঙল আবেগের বাঁধ। তার জেরে থমকে গেল ম্যাচ।
বৃহস্পতিবার কোপা আর্জেন্তিনায় শেষ ষোলোয় ভেলেজ সার্সফিল্ডের মুখোমুখি হয়েছিল বোকা জুনিয়র্স। ম্যাচের ১০ মিনিটের মাথায় গ্যালারি থেকে ‘মেসি, মেসি’ স্লোগান ওঠে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে গোটা স্টেডিয়ামে। শব্দব্রহ্মে কাঁপতে থাকে চত্ত্বর। বাধ্য হয়ে ম্যাচ থামাতে হয় রেফারিকে। মেসির দীর্ঘদিনের সতীর্থ লিয়ান্দ্রো পারাদেসও এই ম্যাচে খেলছিলেন। তিনি সহ বাকিরাও হাততালি দিতে দেখা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের চালু হয় খেলা। এছাড়া মহিলাদের ফুটসল কাপের ম্যাচেও মেসিকে ঘিরে এমন উন্মাদনা চোখে পড়ে।