Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসের গাড়িতে ম্যাটাডরের ধাক্কা, প্রাণ গেল কনস্টেবলের

১৬ নম্বর জাতীয় সড়কে পুলিসের গাড়ির পিছনেই দাঁড়িয়েছিলেন এক কনস্টেবল। সেই সময় একটি ম্যাটাডর নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলিসের গাড়িকে ধাক্কা মারলে মৃত্যু হয় ওই কনস্টেবলের।

পুলিসের গাড়িতে ম্যাটাডরের  ধাক্কা, প্রাণ গেল কনস্টেবলের
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ১৬ নম্বর জাতীয় সড়কে পুলিসের গাড়ির পিছনেই দাঁড়িয়েছিলেন এক কনস্টেবল। সেই সময় একটি ম্যাটাডর নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলিসের গাড়িকে ধাক্কা মারলে মৃত্যু হয় ওই কনস্টেবলের। শুক্রবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগনান থানার বরুন্দা এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম রামপদ মণ্ডল (৫৬)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরার ভগবানপুরে। এই দুর্ঘটনায় গাড়ির ভিতরে থাকা দুই পুলিসকর্মী আহত হয়েছেন। তাঁদের বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাগনান থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে পুলিসের গাড়িটি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল। পুলিসকর্মীরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিলেন গাছের ছায়ায়। রামপদ মণ্ডল ছিলেন গাড়ির পিছন দিকে। স্থানীয় সূত্রে খবর, বিকেল সাড়ে ৩টে নাগাদ কলকাতা অভিমুখে যাওয়া একটি ম্যাটাডর নিয়ন্ত্রণ হারিয়ে পুলিসের ওই গাড়ির পিছনে ধাক্কা মারে। তারপর রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। দুর্ঘটনার জেরে পুলিসের গাড়িটি ছিটকে রাস্তার পাশের জঙ্গলে হুড়মুড়িয়ে ঢুকে যায়। এই ঘটনায় পিষে যান কনস্টেবল রামপদ মণ্ডল। ওই সময় গাড়িতে থাকা দুই পুলিসকর্মী আহত হন। দুর্ঘটনার পর পুলিস ও স্থানীয় বাসিন্দারা আহত পুলিস কর্মীদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রামপদ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল সহ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান। এসপি বলেন, ম্যাটাডরটি আটক করা হলেও চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে বাগনান থানায় পোস্টিং পান রামপদবাবু। বাড়িতে তাঁর বৃদ্ধা মা ও স্ত্রী আছেন। তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছর জানুয়ারি মাসে এই বরুন্দাতেই জাতীয় সড়কের উপর গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বাগনান থানার সাব ইনসপেক্টর সুজয় দাস ও হোমগার্ড পলাশ সামন্ত। এদিন সেই জায়গাতেই ফের দুর্ঘটনা ঘটল। সেবারও দাঁড়িয়ে থাকা পুলিসের গাড়িতে সজোরে এসে ধাক্কা মেরেছিল লরি। পুলিসের গাড়িটি ছিটকে পড়েছিল ১০ মিটার দূরে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ