সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে যাদবপুর সাংগঠনিক জেলার অফিসে মণ্ডল সভাপতির পরিবর্তন চেয়ে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা। যদিও এই বিক্ষোভের অভিযোগ অস্বীকার করে যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোরঞ্জন জোতদার বলেন, আমি ছিলাম না। কোনও বিক্ষোভ হয়নি। মণ্ডল সভাপতি দলীয় নিয়ম মেনে হয়েছে। হঠাৎ পরিবর্তন করা যায় না।
সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় বিজেপির জেলা অফিসে বেলেগাছি, হাড়দহ, বৃন্দাখালি এলাকার বিজেপি কর্মীরা জড়ো হন। তাঁদের দাবি, ওই এলাকার ৫ নম্বর মণ্ডল সভাপতি সুজন মণ্ডলকে পরিবর্তন করতে হবে। উনি নিজের লোকেদের কাজে দায়িত্ব দিচ্ছেন। অন্য কর্মীদের মত কে গুরুত্ব দিচ্ছেন না। এদিন, জেলা সম্পাদক শুভাশিস লস্করের কাছে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। বিক্ষোভ চলে। এমনকী, মিটিং চলাকালীন তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। ধাক্কধাক্কি হয়। এক বিক্ষোভকারী বিজেপি কর্মী বলেন, অন্যায়ভাবে মণ্ডল সভাপতি করা হয়েছে সুজন মণ্ডলকে। তাঁকে সরাতে হবে। জেলা সম্পাদক নিজের লোককে মণ্ডল সভাপতি করেছেন। তাই কর্মীরা বিক্ষোভ দেখায়। যদিও জেলা সম্পাদক শুভাশিস লস্কর বলেন, কোনও বিক্ষোভ হয়নি। ধাক্কা ধাক্কি হয়নি। আলোচনা হয়েছে কর্মীদের মধ্যে।