নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে দুর্গাপুরের স্টিল টাউনশিপে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাথমিক ভাবে অনুমান, সাইকেলের দোকানের একটি গ্যাস সিলিন্ডার থেকেই এই আগুন লাগে। অগ্নিকাণ্ডে সাইকেলের দোকানসহ পাশের একটি গোলদারি দোকানও আগুনে ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি পুড়ে ছাই হয়ে গিয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের দুটি সিসিটিভি ক্যামেরাও।
স্থানীয়রা জানাচ্ছেন, অগ্নিদগ্ধ হওয়া দোকানের পিছনেই রয়েছে সরকারি স্বাস্থ্যকেন্দ্র। ঘটনার জেরে প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে স্বাস্থ্য কেন্দ্রটি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরের ৩ নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি রোড এলাকায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে যায় পুলিস ও দমকলের একটি ইঞ্জিনও।
পরে আগুনের ব্যাপকতা দেখে ফের একটি দমকলের ইঞ্জিন আসে। বেআইনি গ্যাস রিফিলিংয়ের কারবারের জেরেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ন'টা নাগাদ রঞ্জিত খাঁ নামে একজনের সাইকেলের দোকানে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে যায়। তারপরই বিস্ফোরণ ঘটে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে যায় সাইকেল সারাইয়ের দোকানে। পরে আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয়ে যায় পাশের একটি গোলদারির দোকানও।
গোলদারি দোকানের মালিক মিলন মণ্ডলের দাবি, “সাইকেলের দোকানে বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট গ্যাস সিলিন্ডারে রিফিলিং করা হয়। সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ ঘটনা ঘটে। সাইকেলের দোকান ভস্মীভূত হয়েছে। আমার দোকানের একাংশও ভস্মীভূত হয়েছে।” প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, “আমি ঘটনাটি শুনলাম। স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না। আমরা পুলিসের সঙ্গে কথা বলছি।”