গুসকরায় কুনুর নদীতে বিষক্রিয়ায় মাছের মড়ক, আতঙ্কে ছট পুণ্যার্থীরা
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: গুসকরায় কুনুর নদীর জলে বিষক্রিয়া অব্যাহত। ধারাবাহিক মাছের মড়ক লেগেই রয়েছে। প্রশাসনের একাধিকবার পরিদর্শনেও কাজ হচ্ছে না। এর মধ্যে ছট পুজোয় পুণ্যার্থীদের পক্ষে নদীর জল কতটা সুরক্ষিত, তা নিয়েই শহরে আতঙ্কিত বাসিন্দাদের একাংশ। অভিযোগ, কুনুর নদীতে ধারাবাহিকভাবে রাসায়নিক মিশছে। বাস্তুতন্ত্র হারাচ্ছে কুনুর নদী। জলে বিষক্রিয়ার ফলে নদী পাড়ের বাসিন্দাদেরও বিপদ। তবুও ঘুম ভাঙছে না প্রশাসনের। 

Advertisement

পশ্চিম বর্ধমানের উখড়ার কাছে কুনুরের উৎপত্তি হয়েছে। তারপর কাঁকসা, লাউদোহা, আউশগ্রাম, গুসকরা হয়ে মঙ্গলকোটে ঢুকেছে। মঙ্গলকোট ব্লকের সারঙ্গপুর, সরুলিয়া গ্রাম দিয়ে ঢুকে কোগ্রামে অজয়ের সঙ্গে মিশছে। নদীতে বহু জেলে মাছ ধরে জীবিকা অর্জন করেন। অভিযোগ, এ‌ই নদীতেই গুসকরা থেকে ৫কিমি পর্যন্ত মাছের মড়ক লেগেছে। পাখি, সাপ সহ অন্যান্য জলজ জীবের দেহ ভাসছে নদীতে। 
গত শুক্রবার পুনরায় কুনুর নদী পরিদর্শনে যান পূর্ব বর্ধমান জেলা মৎস্য দপ্তর। তাদের সঙ্গে ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষক কৌশিক ঘোষ সহ অন্যান্য বিশেষজ্ঞরা। এদিন নমুনাও সংগ্রহ করে। গবেষক কৌশিক ঘোষ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, রাসায়নিক জনিত বিষক্রিয়া হচ্ছে। আর এতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ছটপুজো কমিটি আয়োজকদের।
স্থানীয় বাসিন্দা পবন সাউ বলেন, ছটপুজোয় জলে নেমে দীর্ঘক্ষণ থাকতে হয়। ওই জলে নামা‌ই তো বিপদ। চামড়া জনিত কোনো রোগ হলে দায় কে নেবে? আবার ছট কমিটির পক্ষে থেকে ছট্টু সাউ বলেন, বারবার পরিদর্শন করে লাভ কী? কোন কারখানা থেকে রাসায়নিক বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, আগে প্রশাসন সেটা চিহ্নিত করে ব্যবস্থা নিক। ছট পুজোয় দীর্ঘসময় জলে দাঁড়িয়ে আমাদের পুজো করতে হবে। ওই জল মুখে নিতে হবে।
গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় বলেন, নদীর জল বহমান। আশা করি ছট পুজোয় সমস্যা হবে না। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।