নিজস্ব প্রতিনিধি, তমলুক: কাঁথির গিমাগেড়িয়া ওয়েলফেয়ার হাই মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ ৪৮০ নম্বর পেলেন মারুফা সুলতানা। বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরই মারুফাকে ঘিরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকেই উচ্ছ্বসিত। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুর হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক আহমেদ হোসেন প্রমুখ সর্বোচ্চ নম্বর প্রাপক মারুফাকে পুষ্পস্তবক দিয়ে ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান। ভবিষ্যতে ওই কৃতী ছাত্রী শিক্ষকতা পেশায় যুক্ত হতে চান।
ওই হাই মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক সংসদ অনুমোদিত কোর্সে পঠনপাঠন হয়। এবছর মোট ৩১জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ছ’জন স্টার মার্কস পেয়েছেন। এছাড়াও ১০জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। সকল পরীক্ষার্থী পাশ করেছেন। সাফল্যের নিরিখে অনেক স্কুলকে টেক্কা দিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। মারুফার নজরকাড়া রেজাল্টে সকলেই খুশি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮০। বাংলায় ৯৭, ইংরেজিতে ৯৫, পরিবেশবিদ্যায় ৯৭, হোম ম্যানেজমেন্ট বিষয়ে ৯৭, নিউট্রিশনে ৯৪, সোসিওলজিতে ৮৭। বেস্ট ফাইভ সাবজেক্টে তাঁর নম্বর ৪৮০।গিমাগেড়িয়া ওয়েলফেয়ার হাইমাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমেদ হোসেন বলেন, মারুফা আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে। আমরা প্রত্যেকেই খুশি। আগামী দিনে মারুফার জন্য আমাদের শুভেচ্ছা রইল। মারুফা সুলতানা।-নিজস্ব চিত্র