Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১০ লক্ষ খরচে আমডাঙায় তৈরি হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর বিপণন কেন্দ্র

১০ লক্ষ খরচে আমডাঙায় তৈরি হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর বিপণন কেন্দ্র
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করতে ‘আউটলেট’ বা বিপণন কেন্দ্র তৈরি করছে আমডাঙা ব্লক। ১০ লক্ষ টাকা ব্যয় করে বোদাই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরে এটি তৈরির কাজ শুরু হয়েছে। এর ফলে গোষ্ঠী মহিলারা বাড়তি টাকা উপার্জন করতে পারবেন বলেই আশাবাদী প্রশাসনের কর্তারা।

Advertisement

উত্তর ২৪ পরগনায় রয়েছে ৬৩ হাজার ১৫৫টি স্বনির্ভর গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা নিজেদের মতো করে বিভিন্ন সামগ্রী তৈরি ও বিক্রি করেন। বাইরের রাজ্যেও জেলার সামগ্রীর বেশ কদর আছে। তাই এই গোষ্ঠী মহিলাদের ঋণ দিয়ে সাহায্য করতে আগ্রহী রাজ্য সরকারও।  উল্লেখযোগ্যভাবে, জেলায় বিভিন্ন শিবির থেকেও তাঁদের দেওয়া হয়েছে ঋণ। আর সেই টাকা নিয়ে মহিলারা স্বনির্ভর হওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমডাঙা ব্লকে মহিলাদের এই কাজের প্রতি বিশেষ ঝোঁক দেখা গিয়েছে। কেন্দ্র ও রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এই এলাকা ঘুরে গিয়েছেন কয়েকমাস আগেই। কথা বলেছেন একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে। তাঁদের হাতের তৈরি সামগ্রী দেখে তারিফও করেছেন।
তাই, স্বনির্ভর গোষ্ঠীর ওই  মহিলাদের তৈরি সামগ্রী বিক্রি করার জন্য একটি আউটলেটের ভাবনা নিয়েছে ব্লক প্রশাসন। পঞ্চদশ অর্থ কমিশনের ১০ লক্ষ টাকা দিয়ে আমডাঙার সন্তোষপুর এলাকায় তৈরি হচ্ছে একটি বিশাল হল ঘর। সেখান থেকেই এই মহিলারা পাট থেকে মাটি, কাঠ, বাঁশ সহ অন্যান্য জিনিসের সৌখিন সামগ্রী বিক্রি করবেন। আচার বা মিষ্টি জাতীয় সামগ্রীও মহিলারা তৈরি করেন এই ব্লকে। সেগুলিও বিক্রি হবে এখানে। সরকারিভাবে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘করুণাময়ী সৃষ্টিশ্রী।’
এনিয়ে আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান বলেন, মুখ্যমন্ত্রী সর্বদাই মহিলাদের উন্নয়নের কথা ভাবেন। সেই মতোই পঞ্চদশ অর্থ কমিশনের ১০ লক্ষ টাকা খরচে মহিলাদের জন্য আমরা আউটলেট তৈরি করছি জাতীয় সড়কের পাশে। শুধু বোদাই পঞ্চায়েত নয়, ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখানে তাঁদের উৎপাদিত সামগ্রী বিক্রি করতে পারবেন। অন্যদিকে, একইসঙ্গে এখানে থাকবে একটি পার্ক, রেস্তরাঁ, অডিটোরিয়াম ও বাংলা ও দেশের বিভিন্ন প্রজাতির আমগাছের 
বাগানও।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ