ফের সিউড়ি ও মহম্মদবাজার থানায় ম্যারাথন জেরা টুলুকে
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: মঙ্গলবারের পর বুধবারও দিনভর পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। এদিন সকাল সাড়ে দশটা থেকে সিউড়ি থানায় জাল ডিসিআর মামলায় তাঁকে প্রায় আড়াই ঘণ্টা জেরা করা হয়। নির্ধারিত সময়ের মিনিট পনেরো আগেই থানায় ঢুকেছিলেন তিনি। সেখান থেকে বেরিয়েই সোজা পৌঁছন মহম্মদবাজার থানায়। সেখানে টানা প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। এদিকে, এদিনই ভবানী ভবনেও তাঁকে তলব করেছিল সিআইডি। তবে সিউড়ি ও মহম্মদবাজার থানায় টানা জিজ্ঞাসাবাদের কারণে তিনি কলকাতায় যেতে পারেননি বলে ই-মেল মারফত সিআইডিকে জানিয়েছেন তাঁর আইনজীবী।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মহম্মদবাজারের একাধিক জায়গায় অবৈধভাবে বালি ও পাথর মজুতের অভিযোগে মাস পাঁচেক আগে টুলুর বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করেছিলেন মহম্মদবাজারের বিএলএলআরও। পরবর্তীতে বাজেয়াপ্ত হওয়া সেই বালি কয়েক কোটি টাকায় নিলামে বিক্রিও করে প্রশাসন। সেই পুরোনো মামলাতেই এদিন তাঁকে জেরা করা হয়। থানা থেকে বেরিয়ে টুলু বলেন, ‘আমি বিদেশে থাকাকালীন পার্কিংয়ে কিছু রিজেক্ট বালি পড়েছিল। সেই ঘটনায় মামলা হয়েছিল, চার্জশিটও জমা পড়ে গেছে। যা যা জিজ্ঞেস করেছে, সঠিক উত্তর দিয়েছি। ডাকলে একশো বার আসব।’ তাঁর আইনজীবী রাফেউল হকের দাবি, মাইনস অ্যান্ড মিনারেলস অ্যাক্টে বিচারাধীন ওই দু’টি মামলায় চার্জশিট জমা পড়া সত্ত্বেও তদন্তের স্বার্থে পূর্ণ সহযোগিতা করেছেন তাঁর মক্কেল।