সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার পানুহাট দিঘিরপাড় এলাকায় সাবওয়ে তৈরি হচ্ছে। তাই আজ, শনিবার হাওড়া-কাটোয়া শাখায় মেগা ব্লক ঘোষণা করেছে রেল কৃর্তপক্ষ। একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। টানা ছ’ঘন্টা ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। কাটোয়া স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্য বলেন, ছ’ঘণ্টা ব্লক নেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগেই পূর্ব রেলের পক্ষে মেগা ব্লক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। হাওড়া-কাটোয়া শাখায় আপ ও ডাউন মিলে ছ’টি, ব্যাণ্ডেল-কাটোয়া শাখায় আপ ও ডাউন মিলে ছ’টি, শিয়ালদহ-কাটোয়া শাখায় আপ ও ডাউন মিলে দু’টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশপাশি মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের সময়সূচি আপ ও ডাউন মিলে পাঁচ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে৷
হাওড়া থেকে কাটোয়া আসার সকাল ৮টা, ১০টা ও বেলা ১২টা ১০ মিনিটের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ব্যাণ্ডেল থেকে কাটোয়া আসার সকাল ৮টা ১৫মিনিট, বেলা ১২টা ১৫মিনিট ও দুপুর ২টো ৩৫মিনিটের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে কাটোয়া আসার সকাল ৮টা ৫মিনিটের লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। পাশাপাশি কাটোয়া থেকে হাওড়া যাওয়ার সকাল ১০টা ৫০মিনিট, দুপুর ২টো ৪৫মিনিট ও বিকাল ৩টে ৩০মিনিটের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কাটোয়া থেকে ব্যাণ্ডেল যাওয়ার সকাল ৮টা ৫৫মিনিট, সকাল ১১টা ও দুপুর ১টার লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কাটোয়া থেকে শিয়ালদহ যাওয়ার বিকাল ৩টে ৫৫মিনিটের ট্রেনটি বাতিল করা হয়েছে।



