Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মেরামতের জেরে সল্টলেকে বন্ধ বহু রাস্তা, অফিস টাইমে যানজট, দুর্গাপুজোর আগে শেষ করতে জোরকদমে কাজ

কোথাও খানাখন্দ, কোথায় কালো পিচ ভেঙে উঠে গিয়েছিল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব আসন্ন বলে সল্টলেকের সেই বেহাল রাস্তাগুলি মেরামত করার কাজ শুরু হয়েছে।

মেরামতের জেরে সল্টলেকে বন্ধ বহু রাস্তা, অফিস টাইমে যানজট, দুর্গাপুজোর আগে শেষ করতে জোরকদমে কাজ
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কোথাও খানাখন্দ, কোথায় কালো পিচ ভেঙে উঠে গিয়েছিল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব আসন্ন বলে সল্টলেকের সেই বেহাল রাস্তাগুলি মেরামত করার কাজ শুরু হয়েছে। বহু রাস্তার কাজ শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে মেরামত চলছে বলে সল্টলেকের একাধিক রাস্তায় যাতায়াত বন্ধ। একদিকের লেন বন্ধ রেখে, অন্য লেন দিয়ে দু’দিকের গাড়ি চলাচল করানো হচ্ছে। তার জেরে অফিস টাইমে এবং সন্ধ্যায় তৈরি হচ্ছে যানজট। পুরসভার দাবি, পুজোর আগেই সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই মতোই চলছে কাজ। 

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, সল্টলেক সহ বিধাননগর পুরসভায় প্রায় ৬৩ কোটি টাকা খরচ করে ১৯৩টি রাস্তা মেরামত করা হচ্ছে। এর মধ্যে সল্টলেকের ভিতর ৬৩টি রাস্তা মেরামত হবে। ১৯৩টির মধ্যে সল্টলেক সহ বিধাননগরে ২২টি মূল রাস্তায় কংক্রিটের ব্লক পাতা চলছে। সল্টলেকে একাধিক রাস্তার পিচ তুলে হচ্ছে সারাইয়ের কাজ। নতুন করে বিটুমিন দেওয়া হচ্ছে। উপরে দেওয়া হচ্ছে ম্যাস্টিক কোটিং। আর কিছু রাস্তায় পাতা হচ্ছে কংক্রিটের ব্লক। সে কাজের জন্যই বন্ধ রাখা হচ্ছে পথ।
১৩ নম্বর ট্যাঙ্ক থেকে অনিন্দিতা আইল্যান্ড যাওয়ার রাস্তার বাঁদিকের লেনে উভয়মুখে গাড়ি চলছে। এখন ডানদিনের লেন বন্ধ। একই ছবি করুণাময়ী মোড় সংলগ্ন ৯ নম্বর ট্যাঙ্ক আইল্যান্ড থেকে কেষ্টপুর খালের দিকে যাওয়ার রাস্তার। সেখানে বাঁদিকের লেন বন্ধ। ডানদিকের লেন দিয়ে উভয়মুখে গাড়ি চলাচল করানো হচ্ছে। ৯ নম্বর ট্যাঙ্ক থেকে বিদ্যুৎভবনের দিকে যাওয়ার বাঁদিকের লেনটিও বন্ধ। একইভাবে সেখানেও ডানদিকের লেনে উভয়মুখে গাড়ি চলছে। এছাড়া বিধাননগর উত্তর থানার দিকের যাওয়ার রাস্তায় উদয়াচলের সামনের লেন বন্ধ। পাশের লেন দিয়ে চলছে দু’দিকের গাড়ি। বৃষ্টির ফলে কিছুটা ব্যাহত হচ্ছে মেরামতের কাজ। তবে বাকি সময় জোরকদমে চলছে মেরামত। দিন এবং রাতে কাজ চলছে। বিধাননগর পুরসভার বক্তব্য, সংস্কারের জন্য রাস্তা বন্ধ থাকায় সাময়িক সমস্যা হচ্ছে। তবে দ্রুত কাজ চলছে। শীঘ্রই শেষ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ