লখনউ: উত্তরপ্রদেশে রাজ্যসভার নির্বাচনে চমক দিলেন সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ যাদব। অধ্যাপক রাম গোপাল যাদবের পাশাপাশি রিলায়েন্স গ্রুপের অন্যতম শীর্ষকর্তা ধনরাজ নাথওয়ানিকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে দল। নাথওয়ানি সহ দুই প্রার্থী মনোনয়নও পেশ করেছেন এদিন। তাঁদের সঙ্গে ছিলেন স্বয়ং অখিলেশ। রামগোপালের প্রার্থী হওয়া প্রত্যাশিতই ছিল। নাথওয়ানির বাবা, রিলায়েন্স গ্রুপের অন্যতম শীর্ষ কর্তা পরিমল নাথওয়ানি ঝাড়খণ্ড থেকে এনডিএ-র সমর্থনে উচ্চকক্ষে নির্বাচিত হয়েছেন। তাই ধনরাজকে সপার রাজ্যসভার প্রার্থী ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী ১৬ অক্টোবর রাজ্যসভার নির্বাচন। তার আগে বিপক্ষ শিবিরের উপর চাপও বাড়িয়েছেন অখিলেশ। সপা প্রধানের দাবি, উত্তরপ্রদেশে বিজেপি জোটের অনেক বিধায়কই তাঁদের দলের সঙ্গে যোগাযোগ রাখছেন।



