রেশনের পুজো প্যাকেজ নেননি অনেকেই,  ৭ নভেম্বরের মধ্যে বণ্টন শেষ করার নির্দেশ
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো উপলক্ষ্যে রেশনের বিশেষ খা‌দ্য প্যাকেজ (চিনি, ময়দা ও সুজি) বণ্টন ৭ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য খাদ্যদপ্তর। কিন্তু দপ্তরের ২৬ অক্টোবরের পর্যালোচনা বৈঠকের রিপোর্টে বলা হচ্ছে, এখনো বহু গ্রাহক প্যাকেজ নেননি। ডিলারদের কাছেও মাত্র ৩৯.৬৪ শতাংশ সুজি পৌঁছেছে। গ্রাহকদের দেওয়া হয়েছে মাত্র ২৪.৪৬ শতাংশ সুজি। চিনি ও ময়দার সরবরাহ অবশ্য রেশন দোকানে প্রায় ১০০ শতাংশ পৌঁছে গিয়েছে। তবে সেক্ষেত্রেও গ্রাহকের কাছে পৌঁছেছে ৬০ শতাংশের নীচে! এই অবস্থায় তিনটি খাদ্য সামগ্রীসহ পুরো প্যাকেজ কীভাবে ৭ তারিখের মধ্যে গ্রাহকের হাতে দেওয়া যাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, প্রথম থেকে সুজির সরবারহ কম হচ্ছে। সুজি বস্তাতেও কম থাকছে। সংগঠনের তরফে খাদ্যসচিব জগদীশপ্রসাদ মিনাকে চিঠি দিয়ে পুরো বিষয়টি জানানো হয়েছে। গতমাসের মাঝামাঝি থেকে রেশন দোকানে পুজোর খাদ্যসামগ্রী দেওয়া শুরু হয়। ডিলারদের বক্তব্য, তার আগেই অনেক গ্রাহক তাঁদের মাসের চাল-গমের বরাদ্দ তুলে নেওয়ায় আর রেশন দোকানে আসেননি। অনেকেই পুজোর সময় বাইরে চলে গিয়েছিলেন। তাঁরা নভেম্বর মাসের চাল-গম নেওয়ার সময়ই পুজো প্যাকেজ নেবেন। এই অবস্থায় ৭ তারিখের সময়সীমা বেঁধে দিলে অনেকে পাবেন না। আগে এই সময়সীমা ১৭ নভেম্বর ছিল। খাদ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত গ্রাহকদের কাছে ৫০.৪৬ শতাংশ চিনি ও ৫৯.১৪ শতাংশ ময়দা পৌঁছেছে। সরকারি হিসাব থেকে পরিষ্কার এখনো বহু গ্রাহক পুজো প্যাকেজ নেননি। সব রেশন গ্রাহকের পুজো প্যাকেজে পরিবারপিছু ১ কেজি করে ময়দা, চিনি ও ৫০০ গ্রাম করে সুজি দেওয়া হচ্ছে যথাক্রমে ১৯ টাকা, ৩০ টাকা ও ২৩ টাকা কেজি দরে।

Advertisement