সংবাদদাতা, ইসলামপুর: একাধিক আর্থিক প্রতারণা মামলা চলছে দেশের বিভিন্ন আদালতে। এবার সেই কুখ্যাত প্রতারক ডাক্তারকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিস। ধৃত সুমন্ত্র গুপ্তা শিলিগুড়ির বাসিন্দা। তবে সে বাড়িতে থাকত না। বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থাকত। বৃহস্পতিবার ভোরে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকা থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। এদিন দুপুরে ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তুলে সাতদিনের হেফাজতে নিয়েছে পুলিস।
পুলিস সূত্রে খবর, ইসলামপুরের কলেজ মোড়ে একটি নার্সিংহোম তৈরি করেছিল সুমন্ত্র। ওই জমি ও নার্সিংহোম মর্টগেজ রেখে ব্যাঙ্ক থেকে এক কোটির বেশি লোন নিয়েছিল সে। লোনের কথা না জানিয়ে বিভিন্ন নথি জাল করে নার্সিংহোমটি বেঙ্গালুরুর এক চিকিৎসকের কাছে বিক্রি করে দেয় সুমন্ত্র।
প্রতারিত বেঙ্গালুরুর চিকিৎসক নাগমা খান বলেন, ২০১৭ সালে ওই নার্সিংহোমটি কিনেছিলাম।২০২১ সালে বুঝতে পারি আমি প্রতারণার শিকার। ২০২৩ সালে ইসলামপুর কোর্টে মামলা করি। বিভিন্ন জায়গায় পুরনো মামলায় জেল খেটে ছাড়ার পর পলাতক ছিল অভিযুক্ত। এদিন গ্রেপ্তার হয়েছে বলে জানতে পেরেছি।
কোর্টের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন, অভিযুক্তের বিরুদ্ধে জাল নথি তৈরি করে সম্পত্তি বিক্রির অভিযোগ রয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, নিটে কম র্যাঙ্ক করা ছাত্রছাত্রীদের ডাক্তারিতে পড়ার সুযোগ করে দেওয়ার নামে মোটা টাকার প্রতারণা করেছে।
এদিন ভোরে পুলিস মোবাইল টাওয়ারের লোকেশন ধরে মাটিগাড়া পৌঁছয়। কিন্তু সেই লোকেশনে সুমন্ত্রকে পাওয়া যায়নি। সেখান থেকে প্রায় দেড় কিমি দূরে একটি আবাসনে খোঁজখবর করে তাকে গ্রেপ্তার করে পুলিস। নিজস্ব চিত্র।