


মুম্বই, ১০ অক্টোবর: আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই স্ট্যান্ডেই রয়েছেন দীপিকা পাডুকোন। যার ফলে দক্ষিণী সিনেমার কাজ একের পর এক হাতছাড়া হচ্ছে। প্রথমে প্রভাসের বিপরীতে ‘স্পিরিট’, তারপরে ‘কল্কি ২৮৯৮ এডি’র পরবর্তী সিক্যুয়েল। দুটি মেগা প্রজেক্ট হাতছাড়া হয়েছে দীপিকার। শুধুমাত্র তাঁর আটঘণ্টা সিফ্টের জন্যই এই ঘটনাগুলি ঘটছে। যা নিয়ে এতদিন বাদে মুখ খুলেছেন রণবীর ঘরনী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘যুগ যুগ ধরে অভিনেত্রীদের সঙ্গে অন্যায় হচ্ছে। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে দু’রকম নীতি রয়েছে। মহিলাদের উপর ইন্ডাস্ট্রিতে সবকিছুই চাপিয়ে দেওয়া হয়। কিন্তু দেখুন বহু অভিনেতা বিশেষ করে সুপারস্টারেরা মাত্র আট ঘণ্টা করেই কাজ করেন। দীর্ঘদিন ধরেই তাঁরা এটা করছেন। আমি কারোর নাম নিচ্ছি না, কিন্তু তাঁরা আট ঘণ্টার সিফ্ট করেন ও শনি-রবিবার ছুটিতে থাকেন। কোনও শুটিং থাকে না। তখন তো কেউ কথা বলেন না, কোনও আলোচনা হয় না, খবরের শিরোনামে বিষয়টি আসে না।’
দীপিকা আরও বলেন, ‘তবে আমি নিজের মতো করেই বিষয়টি নিয়ে লড়ছি। এটা নতুন কিছু নয় আমার কাছে। এমনকী পারিশ্রমিকের সময়েও আমার নিজস্ব কিছু নীতি রয়েছে। এর জন্য আমাকে শাস্তি পেতেও হয়। সেটাও নিজের মতো করে সামলাই। চুপিসারেই লড়াইটা চালাচ্ছি। কিন্তু কিছু মানুষ সেটাকে প্রকাশ্যে নিয়ে চলে আসে। যেটা ঠিক নয়।’ যদিও দীপিকার হাতে রয়েছে একাধিক কাজ। শাহরুখ খানের বিপরীতে ‘কিং’ সিনেমাতে রয়েছেন দীপিকা। এছাড়াও দক্ষিণী পরিচালক অ্যাটলির ড্রিম প্রজেক্টে অল্লু অর্জুনের সঙ্গেও কাজ করছেন দীপিকা।