


টেলিভিশনে নেগেটিভ চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন মানসী সেনগুপ্ত। কেমন তাঁর এই অভিনয় সফর? একান্ত আড্ডায় জানালেন অভিনেত্রী।
• নেগেটিভ চরিত্র
সাত-আট বছর হল কেরিয়ার শুরু করেছেন মানসী সেনগুপ্ত। মূলত নেগেটিভ চরিত্রেই জনপ্রিয়তা পেয়েছেন। পজিটিভ চরিত্রের অফার কখনো পাননি? হেসে বললেন, ‘পজিটিভ চরিত্র আদৌ করেছি কি না, আমার মনে পড়ে না। একটা, দুটো করেছি হয়তো। সেগুলোতেও গ্রে শেড ছিল। সম্পূর্ণ পজিটিভ চরিত্রে কেউ ডাকেনি।’
• টাইপকাস্ট
টানা নেগেটিভ চরিত্র। এতে কি শিল্পীসত্তার সীমাবদ্ধতা তৈরি হয়? আপনি কি টাইপকাস্ট হয়ে গিয়েছেন? প্রশ্ন শুনে সামান্য বিরতি নিয়ে অভিনেত্রী বললেন, ‘অনেকেই বলেন আমি টাইপকাস্ট হয়ে গিয়েছি। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে সকলে কি প্রতিদিন এক্সপেরিমেন্ট করার সুযোগ পান? মোটামোটি একই ধাঁচে হয় সব ধারাবাহিক। আমাকে যে ধরনের চরিত্রে দর্শক গ্রহণ করেছেন, নির্মাতারা সেই ধরনের চরিত্রেই কাস্ট করেন।’ তাহলে কি নির্মাতারা ঝুঁকি নিতে ভয় পান? ‘এটা তো ঠিকই। এক্সপেরিমেন্ট করতে আমরা সকলেই ভয় পাই। অনেক বেশি পরিমাণে কাজ হচ্ছে, তা তো নয়। কাজ বাড়লে নির্মাতারাও এক্সপেরিমেন্ট করতে পারবেন।’
• পালাবদল
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টলিউডের পরিস্থিতি কতটা বদলেছে? মানসীর উপলব্ধি, ‘এই যে প্রশ্নটা করলেন এবং আমি নির্ভয়ে উত্তর দিচ্ছি, এটাই পালাবদল। নিজের মতামত রাখার স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম। ভয় পেতাম। যারা এসেছে, তারা কতটা আশা পূরণ করতে পারবে জানি না। এখন অন্তত নির্ভয়ে কথা বলতে পারি।’ কেন ভয় পেতেন শিল্পীরা? মানসীর দাবি, ‘কাজ হারিয়ে যাওয়ার ভয় পেতাম। স্টুডিওতে যখন ঢুকি, তখন আমরা সবাই শিল্পী। যে রঙেই বিশ্বাসী হই না কেন, সেটা স্টুডিওর বাইরে রেখে আসব, এই পরিস্থিতি যেন তৈরি হয়। মতাদর্শে অমিল থাকতে পারে, সেটার প্রভাব কাজে পড়া উচিত নয়।’
• টলিউডের গোষ্ঠী
ফিল্ম ইন্ডাস্ট্রিতে গোষ্ঠী প্রথার কথা সরাসরি জানালেন মানসী। আঙুল তুললেন ‘লবি’ সংস্কৃতির দিকে। তাঁর দাবি, ‘আগের সরকার পুরস্কার দিত। আমি এত কাজ করেছি, কোনোদিন পুরস্কার পাইনি। এক একজন দুটো, তিনটে করে পুরস্কার পেয়েছে। আমার কথা বাদ দিন। অনেক সিনিয়র শিল্পীও পুরস্কার পাননি। যাঁরা পেয়েছেন, একটি নির্দিষ্ট দলের লবিতে থাকার কারণেই পেয়েছেন। আর এখন তো উল্টে দেখো, পাল্টে গেছি— এমন হাওয়া চলছে (হাসি)।’
• ফিডব্যাক
স্টার জলসার ‘গঙ্গা’ ধারাবাহিকে এখন মানসীকে দেখছেন দর্শক। সেখানেও নেগেটিভ চরিত্র। তবে দর্শকের প্রতিক্রিয়া তাঁর কাছে আশীর্বাদ। মানসী শেয়ার করলেন, ‘আমাকে লোকে বলে, বাবা! তুমি কি প্রত্যেকটা হিরোইনকে জ্বালাবে! এই ফিডব্যাকটাই আমার আশীর্বাদ। দর্শক আমাকে ঘৃণা করেন। সেটার জন্যই হয়তো কাজ করি।’
স্বরলিপি ভট্টাচার্য