জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ মান্ধানাদের
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বরোদা: ওডিআই সিরিজে দাপট অব্যাহত ভারতের। জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল স্মৃতি মান্ধানার দল (৩-০)। প্রথম দু’টি জয়ে সিরিজ আগেই নিশ্চিত হয়েছিল। বুধবার বরোদায় নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবোয়েকে ৮ উইকেটে দুরমুশ করল স্মৃতি মান্ধানা-ব্রিগেড। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অ্যাওয়ে দল ১৩১ রানেই গুটিয়ে যায়। তাদের হয়ে সবচেয়ে বেশি ৩৭ রান করেছেন মডেস্টার। ভারতের বৈষ্ণবী শর্মা একাই ৫টি উইকেট নিয়েছেন। জবাবে ১৭ ওভারেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া (১৩৩/২)। এদিন ক্যাপ্টেন স্মৃতি তরুণীদের সুযোগ দিয়েছিলেন। তাই নিজে নামেননি। প্রতীকা রাওয়ালের সঙ্গে ওপেন করতে পাঠিয়েছিলেন যস্তিকা ভাটিয়াকে। যদিও যস্তিকা (০) প্রথম ডেলিভারিতেই আউট হন। তবে অপর ওপেনার প্রতীকা অপরাজিত ৫৯ রানের ইনিংস উপহার দিয়ে জয়ের রাস্তা প্রশস্ত করেন। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন শেফালি ভার্মা (অপরাজিত ৫১)। এছাড়া হারলিন দেওল ১৯ রান করেন।

Advertisement