নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ণ শক্তির দল নামিয়েও ঘরোয়া লিগের ডার্বিতে ড্র করেছিল মোহন বাগান। হতাশা কাটিয়ে সুপার সিক্সের প্রথম ম্যাচে অবশ্য কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য মনবীর, সাহালদের। সোমবার মোহন বাগান মাঠে তাঁদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব। লালকমল ভৌমিক ব্রিগেড আবার ইস্ট বেঙ্গলের ঘরের মাঠেই মশাল বাহিনীকে রুখে দিয়ে আত্মবিশ্বাসে ফুটছে। ফলে কঠিন পরীক্ষার সামনে বাস্তব রায়ের দল। ইস্ট বেঙ্গলের পয়েন্ট খোয়ানোর ফায়দা নিতে হলে ইউনাইটেডের বিরুদ্ধে তিন পয়েন্টই চাই। আর তার জন্য আক্রমণাত্মক ফুটবলকে হাতিয়ার করছেন সবুজ-মেরুন কোচ। শুরুতে গোল তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার ছক কষছেন তিনি।
গোলের মধ্যে রয়েছেন মনবীর সিং। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ডুরান্ড কাপের ফাইনালে একমাত্র গোলটি এসেছিল তাঁর পা থেকেই। এরপর ঘরোয়া লিগের ডার্বিতেও জাল কাঁপান পাঞ্জাবি স্ট্রাইকার। শেষ ম্যাচে কোল ইন্ডিয়ার বিরুদ্ধেও জোড়া লক্ষ্যভেদ মনবীরের। তবে তাঁকে বিশ্রাম দিতে ইউনাইটেডের বিরুদ্ধে স্রেফ দ্বিতীয়ার্ধে নামানো হতে পারে। পাশাপাশি, গত ম্যাচে প্রথম একাদশে খেলা লিস্টন কোলাসোও এই ম্যাচে অনিশ্চিত। সূত্রের খবর, হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট রয়েছে তাঁর। আক্রমণ ও মাঝমাঠে কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে। তৈরি রাখা হয়েছে সুহেল ভাট ও অভিষেক সূর্যবংশীকে। তবে ইউনাইটেডের জমাট রক্ষণ ভাঙার দায়িত্ব থাকবে সাহাল আবদুল সামাদ ও কিয়ান নাসিরির উপর। গত ম্যাচে দু’জনেই জাল কাঁপিয়েছিলেন।
অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই ছন্দে রয়েছে ইউনাইটেড স্পোর্টস। সুশোভন, প্রশান্ত, অমরেন্দুরা গত ম্যাচে দারুণ লড়াই মেলে ধরেছিলেন। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই ফের সেরাটা দিতে তৈরি লালকমল ভৌমিকের দল। কোচের বার্তা, ‘বড় দলের বিরুদ্ধে আমাদের একটাই হাতিয়ার—লড়াই। আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না।’ সব মিলিয়ে একদিকে তিন পয়েন্টের লক্ষ্যে আক্রমণাত্মক মোহনবাগান। অন্যদিকে, জমাট রক্ষণ ও লড়াকু মানসিকতায় পালটা চ্যালেঞ্জ ছুড়তে প্রস্তুত ইউনাইটেড। সোমবার মোহন বাগান মাঠে তাই উপভোগ্য ম্যাচেরই সম্ভাবনা।
মোহন বাগান মাঠে ম্যাচ শুরু বিকাল তিনটেয়। সম্প্রচার নাম্বার টেন স্পোর্টস অ্যাপে।