Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরে গিয়েছে ‘মন-থা’, আজ থেকে বৃষ্টি কমবে রাজ্যে, চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ

ঘূর্ণিঝড় ‘মন-থা’ ক্রমশ শক্তিক্ষয় করে  নিম্নচাপে পরিণত হয়েছে। তবে আজ, রবিবার থেকে রাজ্যে এর কোনও প্রভাব থাকবে না।

সরে গিয়েছে ‘মন-থা’, আজ থেকে বৃষ্টি কমবে রাজ্যে, চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ
  • ২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় ‘মন-থা’ ক্রমশ শক্তিক্ষয় করে  নিম্নচাপে পরিণত হয়েছে। তবে আজ, রবিবার থেকে রাজ্যে এর কোনও প্রভাব থাকবে না। নিম্নচাপটি উত্তর-উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে শনিবার সকালে বিহারের দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশের উপর চলে আসে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি একই অভিমুখে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে পড়বে। তাই রবিবার থেকে রাজ্যের সর্বত্র বৃষ্টি প্রায় বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আজ কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। সাধারণভাবে আজ আবহাওয়া পরিষ্কার থাকবে। সোমবার ও মঙ্গলবার গোটা রাজ্যেই কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, নদীয়া  ও দুই মেদিনীপুর জেলার কোথাও কোথাও বুধ ও বৃহস্পতিবার হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ওই দু’দিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আজ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেটির প্রভাবেই দক্ষিণবঙ্গের কিছু অংশে হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে খবর। এই নিম্নচাপটির গতিপ্রকৃতি কী হবে, সে বিষয়ে আবহাওয়া দপ্তর এদিন কিছু জানায়নি। তবে এর প্রভাব রাজ্যের উপর কতটা পড়বে বা আদৌ পড়বে কি না, তা নির্ভর করছে গতিপ্রকৃতির উপর।

Advertisement

বিহারের উপর থাকা নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি বেড়ে যায়। শনিবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। ওই জেলার একটি চা বাগানে ১৮০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।  মালদহে ১২০ মিমি,  আলিপুরদুয়ারে ১০৩ মিমি , বাগডোগরাতে ৯২ মিমি বৃষ্টিপাত হয়েছে এই সময়কালে।  উত্তরবঙ্গের অন্যত্র ৫০-৬০ মিমির আশপাশে বৃষ্টি হয়েছে। বীরভূমের কয়েকটি জায়গায় ২০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। নিম্নচাপটি বিহারের উপর থেকে সরে আসার পর উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করে। শনিবার বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ