Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর চাঁদার হিসেব না দিতেই গলায় রড ঢুকিয়ে খুন চেতলায়

কালীপুজোর চাঁদার টাকা আত্মসাৎ করায় চেতলায় মদের আসরে নৃশংসভাবে খুন হলেন অশোক পাসোয়ান (৪০) নামের এক ব্যক্তি। চাঁদার হিসেবের পাশাপাশি ওই টাকার ভাগ চেয়েছিল মদের আসরে থাকা লোকজন।

পুজোর চাঁদার হিসেব না দিতেই গলায় রড ঢুকিয়ে খুন চেতলায়
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজোর চাঁদার টাকা আত্মসাৎ করায় চেতলায় মদের আসরে নৃশংসভাবে খুন হলেন অশোক পাসোয়ান (৪০) নামে এক ব্যক্তি। চাঁদার হিসেবের পাশাপাশি ওই টাকার ভাগ চেয়েছিল মদের আসরে থাকা লোকজন। তা দিতে অস্বীকার করায় ১৭ নম্বর বাসস্ট্যান্ডের পাশে গাড়ির গ্যারাজ থেকে একটি লোহার রড তুলে এনে অশোকের গলায় ঢুকিয়ে দিয়েছিল সুরজিৎ মণ্ডল ও তাপস পাল নামের দুই অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে শনিবার। দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। যে রড দিয়ে খুন করা হয়েছে, সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে। 

Advertisement

শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ চেতলায় মেয়রের ওয়ার্ডে খুন হন অশোক। তদন্তে নেমে পুলিশ জেনেছে, তাঁর গলায় রডের আঘাত ছিল। পেশায় গাড়ি মেকানিক অশোক ওই এলাকায় একটি কালীপুজোর দায়িত্বে ছিলেন। চাঁদা তোলা থেকে শুরু করে মণ্ডপ তৈরি— যাবতীয় কাজ তিনি একাই সামলেছেন। চাঁদা তোলার সময় অশোক সঙ্গে নিয়ে যেতেন তাপস ও সুরজিৎকে। কত টাকা চাঁদা উঠেছে, তা জানত তারা। জেরায় দুই অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, এবার প্রায় ৩০ হাজার টাকা চাঁদা উঠেছিল। তাও কালীপুজোয় তেমন জাঁকজমক হয়নি। এই নিয়ে অশোককে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। দিন তিনেক আগে কত চাঁদা উঠেছে, তারা জানতে চাইলে অশোক হিসেব দিতে রাজি হয়নি। তাদের দাবি, কমপক্ষে ২০ হাজার টাকা সরিয়েছিলেন তিনি। শনিবার রাতে মদের আসরে ফের হিসেব চায় তারা। নেশাগ্রস্ত অশোক তখনও হিসেব দিতে চাননি। পাছে বাকিরা টাকার ভাগ চায়। অভিযুক্তরা সব মিলিয়ে পাঁচজন ছিল। এ নিয়ে তাদের সঙ্গে অশোকের একপ্রস্থ কথা কাটাকাটি হয়। ক্রমে তা চরমে উঠলে তাপস ও সুরজিৎ গ্যারাজ থেকে একটি লোহার রড নিয়ে এসে তাঁর গলায় ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন বটে, কিন্তু কিছুটা যাওয়ার পরেই পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এলাকাবাসীর দাবি, এখানে রাত বাড়লেই মদের আসর বসে। সেই আসরে যোগ দেয় বহিরাগতরা। 
রবিবার দুপুরেই ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা।  খুনের ঘটনা নিয়ে তাঁর কাছে উষ্মা প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। চেতলা থানার দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুখেন্দু মুখোপাধ্যায়ের ভূমিকায় তিনি যে অসন্তুষ্ট, তা সিপিকে জানিয়ে দেন। চেতলা থানায় বসে নতুন ওসি নিয়োগের আদেশনামায় সই করেন সিপি। সেই সঙ্গে চেতলা থানার সুপারভিশনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় সুখেন্দুবাবুকে। চেতলা থানার ওসি পদটি এতদিন খালি ছিল। এদিনই সেই পদে দায়িত্বভার নিয়েছেন আলিপুর থানার অতিরিক্ত ওসি অমিতাভ সরখেল। *

Advertisement
সম্পর্কিত সংবাদ