Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের ২২ বছর কারাদণ্ড

নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের ২২ বছর কারাদণ্ড
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের বিশেষ পকসো আদালত নাবালিকাকে ধর্ষণের দায়ে অপূর্ব রুইদাস নামে এক যুবককে ২২ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার ঝাড়গ্রামে বিশেষ পকসো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। পকসো আদালতের বিশেষ সরকারি আইনজীবী শুভাশিষ দ্বিবেদী বলেন, সাক্ষ্য গ্রহণের মাত্র ন’মাসের মধ্যে এই মামলায় সাজা ঘোষণা করা হয়েছে।  ২২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তহবিল থেকে নাবালিকাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত যুবকের বাড়ি বাঁকুড়া জেলার রাইপুরে। নাবালিকার পরিবারের তরফে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর ঝাড়গ্রাম মহিলা থানায় অপূর্বর নামে ধর্ষণের লিখিত অভিযোগ করা হয়েছিল। অভিযোগে নাবালিকার মা জানিয়েছিলেন, তাঁদের আত্মীয় অপূর্ব মেয়েকে একা পেয়ে বাড়িতে ধর্ষণ করে। ঘটনার কথা বাড়ির কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সেই ভয়ে মেয়ে কাউকে কিছু জানায়নি। পাঁচ মাস পরে মেয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসককে দেখানো হয়। তখন চিকিৎসক জানান, মেয়ে অন্তঃসত্ত্বা। 

Advertisement

এই অভিযোগের ভিত্তিতে পুলিস অপূর্বকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধর্ষণ এবং পকসো ধারায় মামলা রুজু করে ঝাড়গ্রামের বিশেষ আদালতে তোলা হয়। বিচারকের নির্দেশে অভিযুক্ত এতদিন জেল হেফাজতে ছিল। পুলিশ অভিযোগের দু’মাসের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয়। ২০২৪ সালের জুলাই মাস থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অপূর্বকে দোষী সাব্যস্ত করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ