Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩০ টাকা নিয়ে ‘বিবাদ’, স্ত্রীকে খুন করে হাড়োয়া থানায় আত্মসমর্পণ, ধৃত

মাত্র ৩০ টাকার জন্য বিবাদ। তার জেরে স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

৩০ টাকা নিয়ে ‘বিবাদ’, স্ত্রীকে খুন করে হাড়োয়া থানায় আত্মসমর্পণ, ধৃত
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাটা: মাত্র ৩০ টাকার জন্য বিবাদ। তার জেরে স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি হাড়োয়া থানার অন্তর্গত সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বরোজ পশ্চিমপাড়া গ্রামের। মৃত গৃহবধূর নাম রুবিয়া সুলতানা (২৩)। অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম। তিনি পেশায় সবজি বিক্রেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে রবিউল হাড়োয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

Advertisement

এবং স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবিয়া সুলতানার নিথর দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দম্পতির দ্বিতীয় শ্রেণির মেয়ের টিউশন পড়ার ৩০ টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। স্বামী নতুন একজন শিক্ষক দেখেছিলেন, যাঁর মাইনে ৩০ টাকা কম। এই নিয়ে স্বামী-স্ত্রীর ঝামেলা বাধে। সোমবার বিকেলে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় জন প্রতিনিধিরা হস্তক্ষেপ করেন। সালিশির মাধ্যমে বিবাদ মিটিয়ে দেওয়া হয়। উভয়পক্ষই মিলেমিশে থাকার অঙ্গীকার করে বাড়ি ফিরে যান। কিন্তু সেই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই ভোররাতে মর্মান্তিক পরিণতি ঘটে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা আলিমুদ্দিন মোল্লা জানান, এমন একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এত বড়ো ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। স্থানীয়দের অনেকে বলেছেন, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে যান রুবিয়া। বারবার সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বললেও কাজ হয়নি। এনিয়ে দু’জনের মধ্যে বিবাদ চলছিল। সাঁড়াশি চাপে স্ত্রীকে খুনের ঘটনা বলেই মনে করছেন তারা। পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলাম জানান, ৩০ টাকার বিবাদ নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল ঠিকই। তবে তা সালিশির মাধ্যমে মিটিয়ে দেওয়া হয়েছিল। উভয়পক্ষই ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে সংসার করার আশ্বাস দিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ