Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামীর পরকীয়া জেনে ফেলায় অশান্তি চরমে, কেরল থেকে ফিরে স্ত্রীকে খুন

স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে গিয়েছিলেন স্ত্রী। তার জেরে সংসারে অশান্তি দেখা দিয়েছিল।

স্বামীর পরকীয়া জেনে ফেলায় অশান্তি চরমে, কেরল থেকে ফিরে স্ত্রীকে খুন
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে গিয়েছিলেন স্ত্রী। তার জেরে সংসারে অশান্তি দেখা দিয়েছিল। তাই পথের কাঁটা সরাতে স্ত্রীকে খুনের পরিকল্পনা নিয়েই কেরল থেকে ফিরেছিল আবুল বাশার মণ্ডল। ডোমকলে শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছে পুলিস। বৃহস্পতিবার রাতে ডোমকল থানার পুলিস অভিযুক্তকে নিয়ে এলাকায় গিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করে। পুলিস জানিয়েছে, ঘটনার দিন সকালে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল বাশার। রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে খুন করে।

Advertisement

৫এপ্রিল শনিবার সকালে ডোমকলের দক্ষিণনগরে শ্বশুরবাড়ি থেকে শাকিলা বিবি(৩৮) নামে এক বধূর দেহ উদ্ধার করে পুলিস। শ্বশুরবাড়ির ঘরের মেঝেতে লেপমুড়ি দেওয়া অবস্থায় তাঁর দেহ পড়েছিল। মৃতার গলায় দাগও ছিল। ঘটনার পর থেকেই মৃতার স্বামী আবুল বাশার মণ্ডল পলাতক ছিল। শাকিলার পরিবার তাঁর স্বামীর বিরুদ্ধেই খুনের অভিযোগ তুলেছিল। শনিবার বিকেলে ওই পরিবারের তরফে জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টেও পরিষ্কার হয়, শাকিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। যদিও ততক্ষণে অভিযুক্ত চম্পট দিয়েছিল। পুলিসের চোখে ধুলো দিতে একাধিকবার গাড়ি বদল করার পাশাপাশি ট্রেনের বদলে বিমানে পালানোর ছক কষেছিল সে। কিন্তু সোমবার রাতে বিমানে ওঠার আগে শেষ মুহূর্তে ফিল্মি কায়দায় হানা দিয়ে পুলিস তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে স্ত্রীকে খুনের বিষয়টি স্বীকার করে নেয় সে। পুলিস জানিয়েছে, প্রথমে অশান্তির পর শাকিলা স্বামীর পরকীয়া মেনে নিয়েছিলেন। কিন্তু অন্য মহিলার সঙ্গে সম্পর্কে আসক্ত আবুলের নিজের স্ত্রীর প্রতি তিক্ততা বাড়তে থাকে। জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, শুক্রবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। রাতে মদ্যপান করে বাড়ি ঢোকে সে। গভীর রাতে লুকিয়ে স্ত্রীর ঘরে ঢুকে তাঁর গলায় ওড়না পেঁচিয়ে খুন করে। পুলিস খুনে ব্যবহৃত ওড়নাটি উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে ধৃতকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করেন পুলিস আধিকারিকরা। প্লাস্টিকের ডামি নিয়ে ঘটনার হুবহু পুনর্নির্মাণ করানো হয়। জেলা পুলিসের এক কর্তা বলেন, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। খুনের মোটিভ সম্পর্কে খানিকটা ধারণা পাওয়া গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ