সংবাদদাতা, মাথাভাঙা: চলন্ত ট্রেনের মধ্যেই লাগবে ‘মদ’! দাবি, তা না পেয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালে কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ধরণী মচাহারি (৪৮)। তিনি অসমের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, এদিন ট্রেনে করে যাচ্ছিলেন ধরণী । সঙ্গে ছিলেন তাঁর দাদা। মৃতের দাদার দাবি, তাঁর ভাই মদ্যপানে আসক্ত ছিলেন। দীর্ঘক্ষণ মদ্যপান করতে না পেরে অস্থির হয়ে পড়েন। এই পরিস্থিতিতে আচমকা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন তিনি । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে বক্তব্য তদন্তকারীদের।