সংবাদদাতা, কাকদ্বীপ: টাকা দিয়ে ভোটার কার্ড তৈরির বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতেই এক ব্যক্তিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ওই ব্যক্তি হারউড পয়েন্ট কোস্টাল থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫ বছর আগে গোবিন্দ দাস নামে এক ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন। তিনি বর্তমানে কাকদ্বীপের ৮ নম্বর পশ্চিম গঙ্গাধরপুর এলাকায় বসবাস করেন। তিনি এদেশে এসে ভারতের নাগরিকও হয়েছেন। এখানকার ভোটার কার্ডও রয়েছে তাঁর। কীভাবে তিনি এখানকার ভোটার কার্ড তৈরি করালেন? তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন গোবিন্দবাবু সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এক ব্যক্তিকে ১৭ হাজার টাকা দিয়ে ভোটার কার্ডের ব্যবস্থা করেছিলেন তিনি। অভিযোগ, তারপর থেকেই কয়েকজন প্রতিবেশী মিলে তাঁকে মারধরের চেষ্টা করছে। এমনকী, তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। গোবিন্দ দাস বলেন, ‘খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। বাইরে বেরতে পারছি না। কয়েকজন প্রতিবেশী প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। থানায় আমি অভিযোগ দায়ের করেছি।’ কাকদ্বীপের মহকুমা পুলিস আধিকারিক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তদন্ত শুরু হয়েছে।’



