সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের কাঞ্চননগরের ভূতবাগান এলাকায় ঋণ পরিশোধের টাকা জোগাড় করতে না পেরে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম রাজু সরকার(৩৬)। বুধবার বিকেলে বাড়ির বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্ধমান থানা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে তিনি কয়েকটি গোষ্ঠী এবং মহাজনের কাছে ঋণ নেন। গাড়ির ব্যবসা মন্দা চলায় কিস্তির টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছিলেন না। তার জেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মৃতের স্ত্রী ইন্দ্রাণী সরকার বলেন, আমার স্বামী গোষ্ঠী ও মহাজনের কাছ থেকে প্রায় চার লক্ষ টাকা ঋণ নেন। শুক্রবার তাঁর একটি গোষ্ঠীর ঋণ পরিশোধ করার কথা ছিল। গোষ্ঠীর তরফে টাকা পরিশোধ করার জন্য তাঁকে চাপও দেওয়া হয়। বিভিন্ন জায়গায় ঘুরেও তিনি টাকা জোগাড় করতে পারেননি।
বর্ধমানে খাল থেকে যুবকের দেহ উদ্ধার: বর্ধমানের তেজগঞ্জের দাসপাড়ায় ডিভিসির সেচখাল থেকে এক যুবকের দেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সৌমেন দাস(৩০)। তাঁর বাড়ি দাসপাড়ায়। তিনি দিনমজুরের কাজ করতেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি পড়ে থাকতে দেখেন। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তিনি বাড়ি থেকে বের হন। তারপর থেকে তাঁর হদিশ পাওয়া যাচ্ছিল না। জলে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। বর্ধমান থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
বর্ধমানে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার: বর্ধমান শহরের টিকরহাটে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম চন্দন দেবনাথ(৬৪)। বৃহস্পতিবার সকালে পুরসভার সাফাইকর্মী তাঁকে ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি ঘরে একাই থাকতেন। ঘটনার দিন সকালে তাঁর ঘরের দরজা বন্ধ দেখে পুরসভার সাফাইকর্মী খোলা জানালা দিয়ে উঁকি দেন। তিনি তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
শক্তিগড়ে কীটনাশক খেয়ে যুবক আত্মঘাতী: শক্তিগড় থানার গাংপুরে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম শুভময় সান্যাল(৩০)। তিনি বামবটতলায় একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিলেন। মঙ্গলবার বিকেলে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে তিনি মারা যান। পরিবারের লোকজন মৃত্যুর কারণ সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি।