ম্যাঞ্চেস্টার: আরও একবার মরশুমের মাঝপথে কোচ বদলের পথে হেঁটেছে ম্যান ইউ। মাইকেল ক্যারিকের জায়গায় দায়িত্বে এসেছেন মরিসিও পোচেত্তিনো। মাত্র দু’দিন হল ওল্ড ট্রাফোর্ডে পা রেখেছেন এই আর্জেন্তাইন। তবে ম্যান ইউ কোচের পদে শুরুতেই তাঁর জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। রবিবার প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে ম্যান ইউ। ১০ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৮ নম্বরে রয়েছে লাল ম্যাঞ্চেস্টার। ঝুলছে অবনমনের খাঁড়া। এমন পরিস্থিতিতে দলকে টেনে তোলাই চ্যালেঞ্জ পোচেত্তিনোর। পক্ষান্তরে, ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চমস্থানে রয়েছে লিভারপুল। রবিবার আনফিল্ডে জিতে মাঠ ছাড়াই লক্ষ্য ইরাওলা ব্রিগেডের।
এদিকে, শনিবার ইপিএলে ঘরের মাঠে ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি। ১৪ মিনিটে ফুলহ্যামকে এগিয়ে দেন রডরিগো মুনোজ। দ্বিতীয়ার্ধে সিটিকে সমতায় ফেরান এলিয়ন অ্যান্ডারসন। এদিনের ড্রয়ের পর ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল সিটিজেনরা। অপর ম্যাচে স্টামফোর্ড ব্রিজে শুরুতে লিড নিয়েও লিডসের কাছে ১-৪ ব্যবধানে হারল চেলসি। জয়ী দলের হয়ে জোড়া লক্ষ্যভেদ ওকাফোরের। অপর দুই গোলদাতা কালভার্ট লুইন ও ব্রেন্ডেন। আর চেলসির একমাত্র গোলটি ইমেঘার। অন্যদিকে, অ্যাওয়ে ম্যাচে নিউকাসল ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ ড্র করেছে আর্সেনাল। আর্তেতার দলের হয়ে লক্ষ্যভেদ এজে ও মাদুয়েকার। নিউকাসলের দুই গোলদাতা বার্নস ও থিয়াও। তবে ড্রয়ের পরও শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল (১১ ম্যাচে ২৮ পয়েন্ট)।



