Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনই লক্ষ্য ম্যান সিটি, চেলসির

চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনই লক্ষ্য ম্যান সিটি, চেলসির
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: দীর্ঘ এক দশক পর ট্রফিহীন মরশুম শেষ করতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ফুলহ্যামের মুখোমুখি হবে পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। বর্তমানে ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে সিটিজেনরা। রবিবার জিতলে পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করবে পেপ-ব্রিগেড। আর হারলে তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের ফলের দিকে। সিটি কোচ অবশ্য অ্যাওয়ে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করতে মরিয়া। উল্লেখ্য, চলতি মরশুমে ইউরোপ সেরা হওয়ার যুদ্ধে অংশগ্রহণ করবে ৩৬টি দল। ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকা দলেরও সুযোগ থাকছে ইউরোপ সেরার লড়াইয়ে প্রতিনিধিত্ব করার। সেই নিরিখে রবিবার অ্যাওয়ে ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে জিতে পঞ্চম স্থান ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী চেলসি। উল্লেখ্য, ৩৭ ম্যাচে দ্য ব্লুজ ব্রিগেডের সংগ্রহ ৬৬ পয়েন্ট। একই পয়েন্টে দাঁড়িয়ে নিউকাসল ও অ্যাস্টন ভিলা। তাই জয়ের পাশাপাশি গোল পার্থক্যের কথাও মাথায় রাখতে হবে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিকে।

Advertisement

লিগের চার ম্যাচ বাকি থাকতেই খেতাব নিশ্চিত করে লিভারপুল। তবে পরের তিনটি ম্যাচে পয়েন্ট নষ্ট করেন মো সালাহরা। তার মধ্যে দু’টিতে হারের মুখ দেখেছেন তাঁরা। তাই লিগের শেষ ম্যাচে জিতে অভিযান শেষ করাই লক্ষ্য আর্নে স্লট-ব্রিগেডের। ঘরের মাঠে লিভারপুলের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। দিনের অপর ম্যাচে সাউদাম্পটনের মুখোমুখি হবে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল।
এদিকে, ২০২৪-২৫ মরশুমে প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন লিভারপুলের মহম্মদ সালাহ। চলতি মরশুমে ৩৭ ম্যাচে ২৮টি গোলের পাশাপাশি ১৮টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। লিভারপুলের খেতাব জয়ের পেছনে মুখ্য ভূমিকা গ্রহণ করেন মিশরীয় এই তারকা। তাই প্রত্যাশিতভাবেই তাঁর হাতে উঠল বর্ষসেরার ট্রফি।

Advertisement
সম্পর্কিত সংবাদ