মাদ্রিদ: খারাপ সময় যেন কিছুতেই কাটছে না রিয়াল মাদ্রিদের। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে শুরুতে লিড নিয়েও ম্যাঞ্চেস্টার সিটির কাছে ১-২ গোলে বশ মানলেন জুড বেলিংহ্যামরা। দলের এই ছন্নছাড়া পারফরম্যান্সের জেরে চাপ বাড়ছে কোচ জাবি আলোন্সোর উপর। মূলত চোটের কারণে কিলিয়ান এমবাপের না খেলাটা দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিল। ম্যাচে রডরিগোর গোলে লিড নেয় রিয়াল। তবে সেই ধাক্কা সামলে ম্যাচে লড়াইয়ে ফেরে পেপ-ব্রিগেড। ৩৫ মিনিটে সিটিজেনদের সমতায় ফেরান নিকো ও’রেইলি। আর প্রথমার্ধের শেষলগ্নে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে সিটির জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড। ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেননি রিয়াল অ্যাটাকাররা। ভিনিসিয়াসদের ব্যর্থতায় হেরে মাঠ ছাড়তে হল আলোন্সো-ব্রিগেডকে। জিতে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এল ম্যান সিটি (৬ ম্যাচে ১৩ পয়েন্ট)। আর হেরে সপ্তম স্থানে নামল রিয়াল (৬ ম্যাচে ১২ পয়েন্ট)।



