নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চুঁচুড়া আদালত। বুধবার দায়রা বিচারক (তৃতীয়) কৌস্তভ মুখোপাধ্যায় এই রায় দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে স্ত্রীকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল পাণ্ডুয়ার বাসিন্দা সুখরঞ্জন হাওলাদারের বিরুদ্ধে। সম্প্রতি বিচারক তাকে দোষী সাব্যস্ত করেন। বুধবার তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছেন। এই মামলার সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, প্যানেল পিপি প্রশান্ত আগরওয়াল মামলায় সওয়াল করেছিলেন। ২০১৯ সালে পাণ্ডুয়ার তিন্না এলাকার সুখরঞ্জন ও রীনা হালদারের বিয়ে হয়। পরে পণের দাবিতে স্ত্রীকে নির্যাতন শুরু করে সুখরঞ্জন। ২০২১ সালে ২১ মার্চ সে স্ত্রীর গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। তিনি মৃত্যুকালীন জবানবন্দিতে স্বামীকে অভিযুক্ত করেছিলেন। পরে গৃহবধূর বাবা যতীন হালদারও অভিযোগ করেছিলেন। সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক এদিন সুখরঞ্জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছেন।



