Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ কালনা ও মন্তেশ্বরে মমতার জনসভা, বর্ধমান শহরে পদযাত্রা

আজ, রবিবার পূর্ব বর্ধমানে প্রচারে ঝড় তুলবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর তিনটি কর্মসূচি রয়েছে। প্রথমে তিনি কালনার বৈদ্যপুরে সভা করবেন।

আজ কালনা ও মন্তেশ্বরে মমতার জনসভা, বর্ধমান শহরে পদযাত্রা
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আজ, রবিবার পূর্ব বর্ধমানে প্রচারে ঝড় তুলবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর তিনটি কর্মসূচি রয়েছে। প্রথমে তিনি কালনার বৈদ্যপুরে সভা করবেন। সেখানে সভা শেষ করে তিনি সিদ্দিকুল্লা চৌধুরীর সমর্থনে মন্তেশ্বরের ভেলোর মাঠে সভা করবেন। বিকালের দিকে বর্ধমান শহরে পদযাত্রায় অংশগ্রহণ করবেন। স্পন্দন কমপ্লেক্স থেকে পদযাত্রা শুরু হবে। বীরহাটা পর্যন্ত হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাস বলেন, এদিনের কর্মসূচির পর দলের কর্মী এবং সমর্থকরা নতুন উদ্যমে ময়দানে নামবেন। প্রতিটি ওয়ার্ড থেকেই লোকজন আসবেন। রাস্তার দু’পাশে ভিড় উপচে পড়বে।

Advertisement

এর আগে তৃণমূল সুপ্রিমো ধাত্রীগ্রাম এবং খণ্ডঘোষে সভা করেছেন। গলসি এবং আউশগ্রামের তৃণমূল প্রার্থীদের নিয়ে তিনি কাঁকসায় সভা করছেন। এদিন এক দিনেই জেলায় তিনটি কর্মসূচিতে যোগ দেবেন। ২০২১ সালের নির্বাচনে পূর্ব বর্ধমানের ১৬টি আসনেই শাসকদল জয়ী হয়েছিল। শনিবার জামালপুরের সভা থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২১সালের সরকার গঠনে এই জেলার বড় ভূমিকা ছিল। এবারও সেটা হবে। উন্নয়ন এই জেলায় আরও দ্রুতগতিতে এগোবে।
তৃণমূল নেতৃত্বের দাবি, পূর্ব বর্ধমান জেলাজুড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে দামোদর নদের উপর শিল্পসেতু তৈরির কাজ শুরু হয়েছে। জেলার প্রতিটি প্রান্তে রাস্তা সংস্কার হয়েছে। বহু গ্রামে পানীয় জলের সমস্যা মিটে গিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নত হয়েছে। এছাড়া প্রত্যন্ত গ্রামেও এখন পথবাতি বসানো হয়েছে। এই সমস্ত কাজ শাসকদলকে অনেকটাই এগিয়ে দিয়েছে। এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা জেলার বাসিন্দারা পেয়েছেন। সেই কারণেই ২০২১ সালের রেকর্ড এবারও অক্ষুন্ন থাকবে বলেই তৃণমূলের কর্মী-সমর্থকরা মনে করছেন। এদিন নেত্রীর কর্মসূচির পর কর্মী-সমর্থকরা বাড়তি অক্সিজেন পাবে। তারা কোমর বেঁধে ময়দানে নামবে বলেই শাসকদলের নেতারা মনে করছেন।

সম্পর্কিত সংবাদ