নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরদিন, আজ ফের রাস্তায় নেমে রাজনৈতিক কর্মসূচি থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর এই কর্মসূচি আগেই ঘোষিত হয়েছিল। কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ আরো বেড়ে গিয়েছে।
আজ, সোমবার কলকাতায় মিছিল রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিকেলে মিছিল করবেন তিনি। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে তাঁর এই কর্মসূচি। সাধারণ মানুষের স্বার্থের দিকে তাকিয়ে এর আগে একাধিকবার বিভিন্ন ইস্যুতে পথে নেমেছেন মমতা। মাত্র কয়েকদিন আগেই টানা পাঁচদিন ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা কর্মসূচি করেছেন তিনি। এসআইআর প্রক্রিয়ায় চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম কাটা হচ্ছিল বলে অভিযোগ। তার প্রেক্ষিতেই পথে নেমেছিলেন তিনি। আপাতত সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখে ধারনা কর্মসূচি প্রত্যাহার করেছেন মমতা। তারপর এবার রান্নার গ্যাসের ইস্যুতে পথে নেমে কেন্দ্রের বিজেপি সরকারকে মমতা চড়া সুরে নিশানা করবেন, এটা বলাই বাহুল্য। মোদি জমানায় রান্নার গ্যাস ৪০০ টাকা থেকে হাজার টাকায় পৌঁছে গিয়েছে। এই তথ্য তুলে ধরেই আজ মোদি সরকারকে মমতা আক্রমণ করতে চলেছেন। ঘটনাচক্রে শনিবার ব্রিগেডে রাজনৈতিক সভা করেছেন নরেন্দ্র মোদি। ওই সভা থেকে রাজ্যের শাসক দল এবং তৃণমূল সরকারকে নিশানা করেছেন তিনি। তার পালটা জবাব আজ মমতা দিতে পারেন বলেই রাজনৈতিক মহলের অনুমান। সেইসঙ্গে বিজেপির ব্রিগেড কর্মসূচিতে যাওয়ার সময় গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। শশী পাঁজা অভিযোগ করেছেন, বিজেপি-আশ্রিত গুন্ডারা তাঁকে খুন করার চক্রান্ত করেছিল। রাজ্য মন্ত্রিসভার একজন মহিলা সদস্যের উপর এই ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ মমতা। এই প্রসঙ্গে আজ কলকাতায় কর্মসূচি থেকে মমতা বিজেপিকে বার্তা দিতে পারেন।
সেইসঙ্গে অনেকেই মনে করছেন, বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার দুই দফায় ভোট হচ্ছে। ফলে ভোটের নির্ঘণ্ট নিয়ে তৃণমূল নেত্রী কোনো বক্তব্য রাখতে পারেন। গতবার আট দফায় ভোট হয়েছিল বাংলায়। এবার সেখানে দুই দফায় করানোর পিছনে কমিশন-বিজেপি আঁতাঁত দেখছে তৃণমূল। এর আগে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশন বিজেপির সহকারী সংস্থা হিসেবে কাজ করছে।
ভোট ঘোষণার পর আজকেই মমতার প্রথম কর্মসূচি। আগামী দিনে ভোট কেন্দ্রিক প্রচারে জেলায় জেলায় বেরিয়ে পড়বেন তিনি। কবে থেকে প্রচারে নামবেন, কোথায় সভা, কোথায় মিছিল করবেন, সে সম্পর্কে একটি তালিকা তৈরি করা হচ্ছে।- ফাইল চিত্