নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেলিকপ্টার সমস্যার জন্য মঙ্গলবার দলীয় কর্মসূচিতে কলকাতা থেকে আকাশপথে বনগাঁ যেতে পারলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এতে অবশ্য তিনি বিন্দুমাত্র বিচলিত নন। এই হেলিকপ্টার সমস্যার জন্য তাঁর সভার কর্মসূচি বিন্দুমাত্র ছেদ পরেনি। বরং সড়কপথে পৌঁছে যে সফলভাবে সভা ও পদযাত্রার কর্মসূচি সম্পন্ন হয়েছে, তাতে জনসংযোগের নতুন রসায়ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা সাড়ে ১২টার সময় বনগাঁর সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার জন্য কলকাতা থেকে বেলা বারোটার সময় হেলিকপ্টার ধরার কথা ছিল। হেলিকপ্টার ওঠার আগেই জানতে পারেন, মুম্বইয়ের যে সংস্থা উড়ান দেখভাল করে, তারা হেলিকপ্টার বিমা সংক্রান্ত সমস্যা রয়েছে। সে কারণে উড়ান বাতিল। সড়কপথে কলকাতা থেকে বনগাঁ রওনা দেন মমতা। তাতে একটু বেশি সময় লাগলেও, সভার কর্মসূচি বাতিল হয়নি। বরং সফলভাবেই হয়েছে। বনগাঁর সভায় উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই হেলিকপ্টারের প্রসঙ্গটি নিজেই উত্থাপন করেন। বলেন, গত সাত-আট মাস ধরে আমি কোনও হেলিকপ্টার ব্যবহার করিনি। একটি সংস্থার সঙ্গে চুক্তি মোতাবেক হেলিকপ্টার নেওয়া ছিল। আজ রওনা হওয়ার আগে সেটির একটি সমস্যা সংক্রান্ত বিষয়ে জানা যায়। তবে এতে আমার ভালোই হয়েছে। সড়কপথে আসতে গিয়ে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে, অনেক এলাকা ঘুরে এসেছি। জনসংযোগ হয়েছে। তবে হেলিকপ্টার বিভ্রাটে নাম না করে বিজেপিকে খোঁচা দিয়ে মমতার বক্তব্য, নির্বাচন পর্ব শুরুই হল না, আর আমার সঙ্গে সংঘাত শুরু হয়ে গেল। অন্যদিকে, মুম্বইয়ের যে সংস্থার থেকে রাজ্য হেলিকপ্টার ভাড়া নিয়েছে, তাদের এই ঘটনায় কারণ দর্শানোর নির্দেশ দিয়ে শোকজ করা হচ্ছে বলেই সূত্রের খবর।



