নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরিশ চ্যাটার্জি স্ট্রিটে থাকা পারিবারিক সম্পত্তি দখল করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়। সম্পত্তি ফেরত চাইতে গেলে বারবার হুমকির মুখে পড়তে হয়েছে। তৃণমূল আমলে বিচার পাননি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই অভিযোগ নিয়ে উপস্থিত হলেন রঞ্জনা হাজরা। রঞ্জনাদেবী ৮০,বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে থাকেন। ক্যানসার আক্রান্ত। বুধবার জনতার দরবারে অভিযোগ জানাতে এসেছিলেন। তিনি জানান, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাঁদের পৈতৃক সম্পত্তি আছে। সেগুলি দখলের চেষ্টা করেন অজিত বন্দ্যোপাধ্যায়। তিনি একটি জায়গা দখল করে, বাড়িও করেছেন। এছাড়াও একাধিক সম্পত্তি দখলের চেষ্টা চালান। রঞ্জনারা প্রতিবাদ করায় একাধিকবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। মহিলার দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সব জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখারআশ্বাস দিয়েছেন। অভিযোগ খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। তাঁদের আশা, এবার কাজ হবে। প্রসঙ্গত, এর আগেও বন্দ্যোপাধ্যায় পরিবারের বিরুদ্ধে ওই অঞ্চলে সম্পত্তি দখলের একাধিক অভিযোগ বিক্ষিপ্তভাবে উঠেছে। রঞ্জনাদেবী একা নন, তৃণমূল আমলে বিজেপি করার কারণে অত্যাচারের মুখে পড়েছিলেন অশোকনগরেরএক ব্যক্তিও। তাঁর কন্যা রানি মণ্ডল এদিন এসেছিলেন জনতার দরবারে। ১ নম্বরওয়ার্ডের বাসিন্দা রানিদেবীর অভিযোগ, বাড়ির বিদ্যুতের সংযোগ পর্যন্ত কেটে দিয়েছিল তৃণমূলের কর্মীরা। বাবাকে একাধিকবার জেল খাটিয়েছিল তারা। এখনও ওই এলাকার তৃণমূলনেত্রী জয়া দত্ত হুমকি দিচ্ছেন। এখন মুখ্যমন্ত্রীর কাছে সঠিক বিচারের আশায় এসেছেন তিনি। এই দু’জন শুধু নন, তৃণমূলের অত্যাচারের বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে এদিন এসেছিলেন সুপ্রিয়া বারুইও।



