থানায় অভিষেকের হাজিরা ঘিরে বিজেপির সঙ্গে সংঘর্ষ মমতা তৃণমূলের, উত্তেজনা গিরিশ পার্কে
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাম না করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই মামলায় শুক্রবার গিরিশ পার্ক থানায় হাজিরা দেন অভিষেক। তাঁর হাজিরাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। পুলিশের সামনেই বিজেপি ও মমতা তৃণমূলের কর্মী-সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে। তিন ঘণ্টা জেরার শেষে অভিষেক থানা থেকে বেরিয়ে যাওয়ার পরও উত্তেজনা কমেনি। 

Advertisement

পুলিশ সুপারকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ হয়। তার ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। এদিন অভিষেক বেলা ১টা নাগাদ হাজির হন গিরিশ পার্ক থানায়। তাঁর আসার অনেক আগে থেকেই মমতা তৃণমূলের কর্মী-সমর্থকরা থানার বাইরে জড়ো হতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যান বিজেপির একদল কর্মী-সমর্থক। তৃণমূলের সমর্থকরা দাবি করেন, পুলিশকে কাজে লাগিয়ে অভিষেককে হেনস্তা করা হচ্ছে। অভিষেক পৌঁছালে তাঁদের স্লোাগনের তীব্রতা বাড়ে। পালটা বিজেপির সমর্থকরা ‘চোর চোর’ বলে হইচই শুরু করে দেন। শুরু হয়ে যায় দুপক্ষের তুমুল বাদানুবাদ। সেখান থেকে হাতাহাতি, ধস্তাধস্তিতে জড়ায় দুপক্ষ।  মমতা তৃণমূলের অভিযোগ, তাঁদের সমর্থকদের ব্যাপক মারধর করেছে বিজেপি। মহিলা সমর্থকদের মুখে পচা মিষ্টি মাখিয়ে দেওয়া হয়েছে। শাসক দলের পালটা দাবি,  তাঁদেরকেই মেরেছে তৃণমূল। জিজ্ঞাসাবাদ শেষে অভিষেক যখন বেরচ্ছেন, তখনও বিজেপির লোকজন ‘চোর চোর’ স্লেগোন দেন। তা নিয়ে ফের উত্তেজনা তৈরি হয় থানার সামনে। পুলিশ দুপক্ষকে সরিয়ে দেয়। 
এদিন অভিষেকের কাছে জানতে চাওয়া হয়, কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন? থানা সূত্রে খবর, এমপি জানিয়েছেন যে তিনি কাউকে হুমকি দেননি। নিয়মের মধ্যে থেকেই সমস্ত কাজ করেছেন। জিজ্ঞাসাবাদ পর্ব পুরোটাই ভিডিয়ো রেকর্ডিং করা হয়। অভিষেকের দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাঁকে আবার ডাকা হতে পারে বলে খবর। গিরিশ পার্কে যখন এসব কাণ্ড চলছে, তখন সেখান দিয়ে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। তাঁর বক্তব্য, ‘এলাকার মানুয়ের কোনো বিষয়ে অভিযোগ থাকলে তারা তো প্রতিবাদ করবেনই।’ পালটা মমতা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘পুলিশ ডেকেছিল। সেই ডাকে সাড়া দিয়ে অভিষেক হাজিরা দেন। বিজেপি কর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে। বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত। অথচ বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’
এদিকে, গিরিশ পার্ক থানাতেই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের নামে অভিযোগ দায়ের করেছেন অভিষেক। সেটি ‘জিরো এফআইআর’ হিসাবে গ্রহণের আরজিও জানিয়েছেন। অভিষেকের অভিযোগ, এই তিন বিজেপি নেতা বিভিন্ন সময় প্রকাশ্যে পুলিশের উদ্দেশে নানা ধরনের বিরূপ মন্তব্য করেছিলেন। পুলিশকে হেয় করা, দেখে নেওয়ার নিদানও দিয়েছিলেন তাঁরা। তাই তাঁদের বিরুদ্ধেও পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক।