Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ জেলায় মমতা, সূচনা করবেন বিভিন্ন প্রকল্পের

আজ, সোমবার বিকেলেই বহরমপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ জেলায় মমতা, সূচনা করবেন বিভিন্ন প্রকল্পের
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আজ, সোমবার বিকেলেই বহরমপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দানে এসে নামবেন। বহরমপুরের সার্কিট হাউসে রাত্রিবাস করে মঙ্গলবার সকালে তিনি হেলিকপ্টারে সামশেরগঞ্জ পৌঁছবেন। সেখানে হিংসা কবলিত এলাকার দুর্গতদের সঙ্গে কথা বলবেন। তারপর সূতিতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। রবিবার বহরমপুর, সামশেরগঞ্জে ও সূতির হেলিপ্যাডে ট্রায়াল রান করা হয়। হেলিকপ্টার দেখতে সব জায়গাতেই ভিড় জমান উৎসাহী মানুষজন। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে পুলিস ও প্রশাসনিক মহলে ব্যস্ততা তুঙ্গে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েকশো কোটি টাকার বহু প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

গত জানুয়ারি মাসে মুর্শিদাবাদ সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। লালবাগে প্রশাসনিক সভা থেকে তিনি জেলার একাধিক নতুন প্রকল্প, পরিষেবা মানুষকে উপহার দেন। পাঁচ মাসের মধ্যে ফের মুখ্যমন্ত্রীর দু’দিনের সফর ঘিরে আশায় রয়েছে আমজনতা। সম্প্রতি মেদিনীপুরে সরকারি জনসভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, মে মাসের প্রথম সপ্তাহে সামশেরগঞ্জে এসে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন তিনি। জেলার তৃণমূল নেতৃত্বের তরফ থেকে তাঁর এই কর্মসূচি সফল করার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। সভায় প্রচুর মানুষের ভিড় হবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। ১২ নম্বর জাতীয় সড়কের দু’পাশে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে অসংখ্য ব্যানার, পোস্টার, হোর্ডিং এবং গেট তৈরি করা হয়েছে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার জন্য ইতিমধ্যেই শাসকদলের শীর্ষস্তর থেকে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন বুথ এবং অঞ্চল কমিটি মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার জন্য বাস এবং অন্যান্য গাড়ির ব্যবস্থা করছে। জেলা প্রশাসনের পাশাপাশি সভাস্থলের কাজ পরিদর্শন করছেন বিধায়ক ও সাংসদরা। তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান বলেন, বহরমপুর থেকে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জের ধুলিয়ানে আসবেন। সেখান থেকে ফিরে তিনি সূতির ছাবঘাটি ময়দানে সরকারি জনসভায় বক্তব্য রাখবেন। বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন তিনি। সামশেরগঞ্জে সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের সঙ্গেও মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের হাতে ক্ষতিপূরণ তুলে দেবেন মুখ্যমন্ত্রী। 
বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার বলেন, পাঁচ মাসের ব্যবধানে মুখ্যমন্ত্রী ফের আমাদের জেলায় আসছেন। তাঁকে স্বাগত জানানোর জন্য জেলাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। সামশেরগঞ্জে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাতে প্রথম থেকেই রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী দুর্গতদের হাতে সাহায্য তুলে দেবেন। তাঁদের সঙ্গে কথা বলবেন। সেই সঙ্গে জেলার বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ