নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার দলের প্রার্থী তালিকা প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে ৩টে নাগাদ কালীঘাট থেকে প্রার্থী তালিকা প্রকাশ করবেন তিনি। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২০২১ সালের ভোটে তৃণমূল প্রার্থী দিয়েছিল ২৯১টি আসনে। গতবার পাহাড়ের তিনটি আসন ছেড়ে রাখা হয়েছিল স্থানীয় রাজনৈতিক দলকে। এমনিতে পাহাড়ের রাজনৈতিক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক দলের নেতা অনীত থাপার সঙ্গে তৃণমূলের সুসম্পর্ক রয়েছে। ইতিমধ্যে দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং আসনে প্রার্থী ঘোষণা করেছেন অনীত থাপা। এবার তৃণমূল ২৯৪টি আসনে এককভাবে প্রার্থী দেয় কি না, সেটাই দেখার।
এদিকে, তৃণমূলের প্রার্থী তালিকায় কারা থাকবেন, তা নিয়ে চর্চা তুঙ্গে। তৃণমূল যেহেতু রাজ্যের শাসক দল, তাই তাদের প্রার্থী তালিকা নিয়ে রাজ্যের মানুষের আগ্রহ ও কৌতূহল তুঙ্গে রয়েছে। সরকারিভাবে তৃণমূলের বর্তমান বিধায়ক সংখ্যা ২১৯। এর মধ্যে ১৬ জন মন্ত্রী সহ ৫৭ জন বিধায়কের বয়স ৭০ বছরের বেশি। এই সত্তরোর্ধ্বদের মধ্যে কারা প্রার্থী হতে পারবেন, তা নিয়ে জোর চর্চা চলছে। বর্তমান তৃণমূল বিধায়কদের মধ্যে রয়েছেন ৩৮ জন মহিলা, তফসিলি জাতিভুক্ত ৪০ জন, তফসিলি উপজাতিভুক্ত ১১ জন, সংখ্যালঘু সম্প্রদায়ের ৪৫ জন ও চিকিৎসক বিধায়ক ১৪ জন। এঁদের মধ্যে কতজন ফের টিকিট পাবেন, ক’জন মন্ত্রী বাদ পড়লেন—সবটাই স্পষ্ট হয়ে যাবে আজ বিকালে।



