নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নানারকম হুঁশিয়ারি দিয়ে চলেছেন গেরুয়া শিবিরে নেতানেত্রীরা। এসআইআর আদতে নির্ভুল ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া হলেও এর মাধ্যমে ‘অনুপ্রবেশকারী বাংলাদেশি’ তাড়ানো হবে বলে হাওয়া গরম করে চলেছে তারা। এমনকি স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বাংলায় বহু অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বিজেপির এই বার্তার প্রতিক্রিয়া দিতে দেরি করেনি তৃণমূল। তারা বলছে, একথা বলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ‘সেম সাইড গোল’ করে ফেলেছেন। কারণ, সীমান্ত সুরক্ষার দায়িত্ব তাঁরই মন্ত্রকের অধীন বিএসএফের। মঙ্গলবার সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার বনগাঁয় দাঁড়িয়ে আরও একবার এই ইস্যুতে কেন্দ্রকে খোঁচা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘সীমান্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। যদি কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেই থাকে, তাহলে আমাদের কী করার আছে? এটা তাহলে ধরে নিতে হয়, এই অনুপ্রবেশে ওদের ইন্ধন রয়েছে। তা না হলে এটা হবে কী করে?’ পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘বিমানবন্দরের সুরক্ষার দায়িত্ব সিআইএসএফের। ট্রেন সামলায় রেলমন্ত্রক। পাসপোর্ট, ভিসা, কাস্টমস সবটাই দেখে কেন্দ্র। ফলে কোনও দিক থেকে যদি অনুপ্রবেশ হয়ে থাকে, সেটা ওদেরই দায়।’



