রূপাঞ্জনা দত্ত, লন্ডন: লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেল থেকে অক্সফোর্ড গাড়িতে ঘণ্টা দু’য়েকের পথ। বৃহস্পতিবার সকাল সওয়া ১১টায় প্রতিনিধিদল নিয়ে বাসে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা সফরে তিনি ছিলেন খোশ মেজাজে। ‘তোমার খোলা হাওয়া’, ‘শুধু তোমার বাণী নয় গো’, ‘এই মেঘলা দিনে একলা’, ‘ধিতাং ধিতাং বোলে’ প্রভৃতি গানে গলা মেলান সকলের সঙ্গে। এমন হাইপ্রোফাইল ব্যক্তিত্বের এহেন মাটির মানুষ সুলভ আচরণে তখন হতবাক বাসচালক। লোভ সামলাতে না পেরে তিনিও শুনিয়ে দিলেন গানের দু’-এক কলি। ওয়েস্ট লন্ডন, বাকিংহাম শহর পেরিয়ে অক্সফোর্ড শহরের সেন্ট জন’স কলেজের সামনে ১টা নাগাদ পৌঁছয় বাস। পুষ্পস্তবক দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান মালদহের বাসিন্দা তথা অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক শাহনওয়াজ। উষ্ণ অভ্যর্থনা নিয়ে মমতা সোজা চলে যান অক্সফোর্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম প্রাচীন ব্রিটিশ রেস্তরাঁ অ্যালিসে। ভিতরে রাখা ১৩০ বছরের পুরনো পিয়ানোর কাছে গিয়ে একটু ঘুরে দেখেন। তারপর সোজা পিয়ানোর রিডে হাত। প্রথমে ‘উই শ্যাল ওভারকাম’। তারপর দু’টো বাংলা গান... ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’, ‘পুরানো সেই দিনের কথা’।



