Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন প্রেস সচিবের ইস্তফা

এবার মার্কিন প্রেস সচিব হিসাবে ইস্তফা দিলেন ক্যারোলিন লেভিট। চলতি মাসের শেষেই তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন।

মার্কিন প্রেস সচিবের ইস্তফা
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: এবার মার্কিন প্রেস সচিব হিসাবে ইস্তফা দিলেন ক্যারোলিন লেভিট। চলতি মাসের শেষেই তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন। হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সচিবের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই জল্পনা ছড়িয়েছে। তবে লেভিটের উত্তরসূরির নাম এখনও ঘোষণা করেনি ওয়াশিংটন। একটি সূত্রের খবর, মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন বারবার লেভিটকে কাজে ফেরার জন্য চাপ দিতেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি মার্কিন প্রেসিডেন্টের উপর ক্ষুব্ধ হয়ে ইস্তফা দিচ্ছেন তিনি? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। 
গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেন ট্রাম্প-ঘনিষ্ঠ লেভিট। জুলাই মাসে কাজে ফেরেন মার্কিন প্রেসিডেন্টের এই বিশ্বস্ত সহযোগী। এরই মধ্যে ইস্তফার কথা ঘোষণা করলেন লেভিট। মার্কিন প্রেস সচিব এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘হোয়াইট হাউসের প্রেস সচিব হতে গেলে নিরন্তর সময়, শক্তি ও মনোযোগ প্রয়োজন। সেটা দিতে গিয়ে দুই সন্তানের ভালো মা হতে পারছি না। মেয়ের জন্মের পর কাজে ফিরে বারবার এই সত্যিটা অনুভব করেছি। তাই হোয়াইট হাউস ছেড়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি।’

Advertisement

সোশ্যাল মিডিয়া পোস্টে প্রেস সচিবের ইস্তফার কথা ঘোষণা করেছেন ট্রাম্পও। ট্রুথ সোশ্যালে তাঁর পোস্ট, ‘সন্তান আর পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চান ক্যারোলিন। তাই চলতি মাসের শেষে এই পদ থেকে ইস্তফা দেবেন তিনি। এই সিদ্ধান্তকে আমি সম্মান করি। এই মুহূর্তে বাইরে থেকেই আমার অন্যতম পরামর্শদাতা হিসাবে কাজ করবেন লেভিট। আশা করি, তিনি রিপাবলিকান পার্টির অন্দরে একজন প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে উঠবেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ