নয়াদিল্লি: পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই নিশানা করলেন তিনি। কংগ্রেস নেতার অভিযোগ, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্ভাব্য হামলার খবর তিন দিন আগেই পেয়েছিলেন প্রধানমন্ত্রী। গোয়েন্দা রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন মল্লিকার্জুন খাড়্গে।
এ প্রসঙ্গে খাড়্গে দাবি করেন, “দেশের গোয়েন্দা সংস্থাগুলি আগেই এই হামলার আশঙ্কা প্রকাশ করেছিল। সেই মতো প্রধানমন্ত্রী মোদি তাঁর কাশ্মীর সফর বাতিলও করেন। তাহলে আমার প্রশ্ন হল, সরকার কেন আগে থেকে এ বিষয়ে আমজনতাকে সতর্ক করেনি?” খাড়্গের বক্তব্য, কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে ২৬ জন পর্যটক খুনের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল। আসলে তারা আগাম জানতে পেরেও কিছু করেনি।
বিশেষ বিষয় হল, পহেলগাঁও হামলার কয়েকদিন পরে একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসে। সেই রিপোর্টে দাবি করা হয়, পর্যটকদের উপর যে হামলা হতে পারে তার আগাম খবর গোয়েন্দারা দিয়েছিলেন। তবে হানা যে পহেলগাঁওয়ে হতে পারে এমন আশঙ্কা করা হয়নি। গোয়েন্দা রিপোর্টে জানা হয়েছিল, শ্রীনগরের পার্শ্ববর্তী এলাকায় এই হামলা হতে পারে।