Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সার্ভার সমস্যা সমাধানের দাবি মালদহ জেলা এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সম্মেলনে

সার্ভার সমস্যা সমাধানের দাবি মালদহ জেলা এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সম্মেলনে
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: বর্তমানে দেশজুড়ে বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন বণ্টন হচ্ছে। অথচ অধিকাংশ সময়েই সার্ভার ডাউন থাকার কারণে রেশন বণ্টন করতে বারবার সমস্যায় পড়তে হচ্ছে রেশন ডিলারদের। এজন্য বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে রাজ্য সরকারের কর্মসূচি ‘দুয়ারে রেশন’। সার্ভার সমস্যার জন্য অনেক সময়ই দুয়ারে রেশন কর্মসূচিতে গিয়েও সামগ্রী বণ্টন না করেই ফিরে আসতে হয় ডিলারদের। ফলে একজন রেশন ডিলারের খরচ যেমন বেড়ে যায় তেমনি জনরোষের মুখেও পড়তে হয়। সোমবার ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের মালদহ জেলা কমিটির ১৬তম সম্মেলন থেকে দাবি ওঠে সার্ভার সমস্যার সমাধান করে তারপর দুয়ারে রেশন কর্মসূচির ব্যবস্থা করা হোক। তা নিশ্চিত করতে না পারলে দোকানেই সামগ্রী বণ্টনের ব্যবস্থা করা হোক। 

Advertisement

ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের মালদহ জেলা কমিটির নব নির্বাচিত সভাপতি অসিত কুমার সাহা বলেন, সার্ভার সমস্যার সমাধান আমাদের মূল দাবি। এছাড়াও রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির প্রয়োজন আছে। বর্তমান সময়ে সামান্য কমিশনে তিন জন কর্মচারী নিয়ে দোকান চালানো সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি আপনার খাদ্যসাথী প্রকল্পকে সুন্দরভাবে রূপায়ণ করছি। সেদিকে তাকিয়ে আপনি আমাদের কমিশন বৃদ্ধি সহ অন্যান্য দাবিগুলিকে মান্যতা দিন। 
ডিলার অ্যাসোসিয়েশনের প্রথমে ব্লক স্তর থেকে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ ও জেলা প্রতিনিধি সহ কমিটি গঠন হয়ে আসে। মালদহের ১৫টি ব্লকের মধ্যে ১৪টি কমিটি নির্বাচিত হয়েছে। প্রত্যেকটি কমিটির সম্পাদক এবং জেলা প্রতিনিধিরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে রবিবার নতুন জেলা কমিটি গঠন করেছেন। নব নির্বাচিত ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশনের মালদহ জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অসিত কুমার সাহা ও সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রমোদ চন্দ্র ঘোষ। মোট ৬০ জনের কমিটি গঠন হয়েছে।
সোমবার সংগঠনের সম্মেলনে মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু এবং সাধারণ সম্পাদক উত্তম বসাক সহ ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সন্তোষ গোস্বামী, সাধারণ সম্পাদক হাসানউল্লাহ নস্কর, রাজ্য কমিটির সহ সভাপতি তথা নির্বাহী সভাপতি পরেশনাথ হাজরা ও কোষাধ্যক্ষ বিকাশ বাগ উপস্থিত ছিলেন। এদিন সকালে প্রভাতফেরীর মধ্যদিয়ে সংগঠনের মালদহ জেলা কমিটির ১৬তম সম্মেলন শুরু হয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ