নিজস্ব প্রতিনিধি, বোলপুর ও কল্যাণী: ঘরোয়া লিগে একটা সময় মোহন বাগানের হয়ে ঝড় তুলেছিলেন ক্রোমা-কামো জুটি। বেঙ্গল সুপার লিগে রয়্যাল সিটি মালদহ-মুর্শিদাবাদ সই করিয়েছে সেই কামোকে। আইভরি কোস্টের স্ট্রাইকার বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন। এদিন কল্যাণীতে এফসি মেদিনীপুরকে ৬-১ গোলে উড়িয়ে দিল রয়্যাল সিটি। জোড়া লক্ষ্যভেদ কামোর। এছাড়া ইরফান সর্দার, আমিল নঈম ও সজন সাহানি জাল কাঁপান। এই জয়ের ফলে হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে টপকে লিগ শীর্ষে পৌঁছে গেল সৈয়দ রামনের মালদহ-মুর্শিদাবাদ। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। গোল পার্থক্যে ব্যারেটো ব্রিগেডের চেয়ে এগিয়ে তারা। পাশাপাশি, দিনের অন্য ম্যাচে কোপা টাইগার্স বীরভূম রুখে দিল বর্ধমান ব্লাস্টার্সকে। লিগ টেবিলে সর্বনিম্ন থাকা দলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে হাত কামড়াচ্ছেন কোচ সন্দীপ নন্দী। ৭২ মিনিটে তুর্সেনভের গোলে এগিয়ে যায় বীরভূম (১-০)। এরপর জোরাল গ্রাউন্ডারে বর্ধমানকে সমতায় ফেরান সেই চিজোবা ক্রিস্টোফার (১-১)। আপাতত ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইল বর্ধমান। রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে সুন্দরবন ফ্র্যাঞ্চাইজির মুখোমুখি নর্থ ২৪ পরগনা। শক্তিশালী সুন্দরবনকে হারাতে পারলে দারুণভাবে সুপার ফোরের দৌড় শুরু করবে উত্তর ২৪ পরগনা।



