দৈনিক কর্মদিবস তৈরিতে উত্তরবঙ্গে প্রথম মালদহ, ভিবি জি রাম-জি প্রকল্পে দ্বিতীয় উত্তর দিনাজপুর
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ভিবি জি রাম-জি প্রকল্পে দৈনিক কর্মদিবস তৈরিতে উত্তরবঙ্গে প্রথম মালদহ। দ্বিতীয় স্থানে উত্তর দিনাজপুর। এই প্রকল্পে কাজের নিরিখে উত্তরবঙ্গে সবচেয়ে পিছিয়ে রয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। উত্তরের আট জেলার মধ্যে দৈনিক কর্মদিবসের নিরিখে প্রথম স্থানে থাকার পাশাপাশি রাজ্যে এই মুহূর্তে ষষ্ঠ মালদহ। দৈনিক কর্মদিবসের ভিত্তিতে রাজ্যে সেরা হুগলি। গঙ্গা পাড়ের এই জেলা ছাড়াও ১২৫ দিনের কাজে কর্মদিবস তৈরিতে মালদহের আগে রয়েছে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। 

Advertisement

মালদহের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) ভাস্কর মজুমদার বুধবার বলেন, ভিবি জি রাম-জি প্রকল্পে দৈনিক কর্মদিবস তৈরিতে আমরা এই মুহূর্তে উত্তরবঙ্গে প্রথম ও রাজ্যে ষষ্ঠ স্থানে রয়েছি। কাজের গতি যাতে আরও বৃদ্ধি করা যায়, তার চেষ্টা চলছে। স্কুল কিংবা স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো সংক্রান্ত অনেক কাজ এই প্রকল্পে করা যাবে। সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। 
জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবারের হিসাব বলছে, এদিন ভিবি জি রাম-জি প্রকল্পে মালদহে মোট ১৭ হাজার ২৩১ কর্মদিবস তৈরি হয়েছে। সেখানে উত্তর দিনাজপুরে এদিন ৮১৯৩ কর্মদিবস সৃষ্টি হয়েছে। কোচবিহারে তৈরি হয়েছে ৭৭৭৯ কর্মদিবস। আলিপুরদুয়ারে ৭৭২৬, দক্ষিণ দিনাজপুরে ৫৭২৮, জলপাইগুড়িতে ৫৩৯৮, কালিম্পংয়ে ১৭৫৭, দার্জিলিং জিটিএ এলাকায় ৩২৬০ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় ১৪০৭ কর্মদিবস তৈরি হয়েছে। 
রাজ্যে প্রথম স্থানে থাকা হুগলিতে এদিন কর্মদিবস তৈরি হয়েছে ২৫ হাজার। পূর্ব বর্ধমানে ২১ হাজার, পশ্চিম মেদিনীপুরে ১৭ হাজার ৯৭৮, পূর্ব মেদিনীপুরে ১৭ হাজার ৮৪০ এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৭ হাজার ৩৩১ কর্মদিবস তৈরি হয়েছে। 
অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) বলেন, ভিবি জি রাম-জি প্রকল্পের মাধ্যমে আমরা স্কুলের খেলার মাঠের পরিকাঠামো উন্নয়নের কাজ করব। স্কুলে বাগান করা হবে। অনেক স্কুল রয়েছে, যেখানে জল জমে। ১২৫ দিনের কাজে সেখানে মাটি ফেলে উঁচু করা হবে। স্কুলের সীমানায় গাছ লাগিয়ে বাউন্ডারি তৈরির কাজও করা হবে। একইভাবে স্বাস্থ্যকেন্দ্রেও অনেক কাজ হবে ভিবি জি রাম-জি প্রকল্পে। হয়তো কোনো স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে জল জমে, নিকাশি নালা নেই। আমরা সেখানে ড্রেন তৈরি করব। রোগী ও তাঁদের বাড়ির লোকজনের দাঁড়ানোর জন্য শেড তৈরি করে দেওয়া হবে। স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য নুড়ি বিছানো রাস্তা তৈরি করে দেওয়া হবে।