নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের আদালতে বড়োসড়ো ধাক্কা খেল এনআইএ। সাক্ষ্য‑প্রমাণের অভাবে ২০২১ সালে নিমতিতা রেল স্টেশনে এক বোমা বিস্ফোরণের মামলায় বুধবার খালাস পেয়েছিলেন তিন অভিযুক্ত। ওই ঘটনায় জখম হন তৎকালীন মন্ত্রী জাকির হোসেন। তার রেশ কাটতে না কাটতেই ২০২০ সালে মালদহের মানিকচক থানা এলাকায় এক বোমা বিস্ফোরণের মামলা থেকে বৃহস্পতিবার খালাস পেলেন দুই অভিযুক্ত। তাঁরা হলেন সিদ্ধার্থ মণ্ডল ও প্রভাকর মণ্ডল। এদিন কলকাতার বিচারভবনের এনআইএ-র বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা প্রমাণের অভাবে দুই অভিযুক্তকে মামলা থেকে বেকসুর খালাস করার নির্দেশ দেন। আদালতের মন্তব্য, সরকার পক্ষের আনা অভিযোগ কোনওভাবেই প্রমাণিত না-হওয়ায় তাঁদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হল। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে জানুয়ারি মাসে মালদহের মানিকচক থানা এলাকার একটি আমবাগানে বোমা বাঁধতে গিয়ে তা থেকে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় দুজন গুরুতর জখম হন। মামলার গুরুত্ব অনুধাবন করে তদন্তভার গ্রহণ করে এনআইএ। মামলায় অভিযুক্ত করা হয় চারজনকে। তার মধ্যে ঘটনার পর দুজন ‘ফেরার’ হয়ে যাওয়ায় মামলার বিচার চলে অভিযুক্ত সিদ্বার্থ ও প্রভাকরের বিরুদ্ধে। সেই বিস্ফোরণ মামলায় এদিন আদালত জেল হেপাজতে থাকা দুই অভিযুক্তকে মামলা থেকে খালাস দেয়।



