নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতি হলেন মলয় মহাজন। তিনি এতদিন জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। সভাপতি পদে শাখারভ সরকারের মেয়াদ তিন বছরের বেশি সময় পার হওয়ার পর থেকেই পরিবর্তনের জল্পনা বাড়ছিল। অবশেষে বুধবার সঙ্ঘ ঘনিষ্ঠ মলয়বাবুর নাম নতুন সভাপতি হিসেবে ঘোষণা করে বিজেপির রাজ্য নেতৃত্ব।
মলয়বাবু পেশায় একজন শিক্ষক। তিনি বলেন, ২০০১ সাল থেকে শিক্ষকতা করি। নব্বইয়ের দশক থেকে রাজনীতির ময়দানে আছি। আগেও যেভাবে সামলেছি, আগামী দিনেও দু’কাজ এক সঙ্গে সামলাব। আরও বেশি সময় দিতে হবে, এটা ঠিক। আমার টিমকে সেভাবে তৈরি করব, যাতে সকলে আরও বেশি সময় দিতে পারে। আমার একটাই উদ্দেশ্য, যতটুকু শক্তি আছে সবটা দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে লড়াই করব। সাংগঠনিক জেলা নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে আগামী বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য উদগ্রীব হয়ে আছি। পার্টি যখন যা কর্মসূচি দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।
উল্লেখ্য, গত মঙ্গলবারই দলীয় নির্দেশ মেনে বিজেপির জেলা দপ্তরে হাজির হয়ে নেতা-কর্মীদের একাংশের উপস্থিতিতেই মনোনয়ন দাখিল করেছিলেন মলয়বাবু। তাঁর পাশে ছিলেন প্রাক্তন সভাপতি শাখারভবাবুও। মলয়বাবু ছাড়া অন্য কাউকে মনোনয়ন জমা করতে দেখা যায়নি। ফলে মঙ্গলবার সন্ধ্যার পর একপ্রকার সিদ্ধান্ত হয়েই যায়, নতুন সভাপতি পদে তিনি বসতে চলেছেন। শাখারভবাবু বলেন, মলয়বাবুকে নতুন দায়িত্বে আমরা স্বাগত জানাচ্ছি। আমার টিমের একজন পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন। বহুদিন আমরা একসঙ্গে দল করছি। আশা করি একসঙ্গে আমরা পার্টির জন্য ভালো কাজ করব। বিজেপি নেতা লাল্টু দাস বলেন, সবার সিদ্ধান্তে মলয় দা সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। রাজ্য নেতৃত্ব বুধবার নতুন সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করলেন। আমরা সকলেই খুশি। আগামী দিনে উনিও সবার মতামত নিয়ে সঠিক সিদ্ধান্তই নেবেন বলে আশাবাদী।